চৌগাছা হাসপাতালে প্রতারকের খপ্পরে পড়ে নারী খোয়ালেন স্বর্ণালঙ্কার ও টাকা

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার,চৌগাছা (যশোর) ॥ চৌগাছা সরকারি হাসপাতালে প্রতারকের খপ্পরে পড়ে বেবী খাতুন (৬০) নামের এক নারী টাকা ও স্বর্ণালঙ্কার খুঁইয়েছেন। তিনি উপজেলার মাধবপুর গ্রামের তাহাজ্জেল হোসেনের স্ত্রী। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী বেবী খাতুন বলেন, হাতে চোট পাওয়ার কারণে সোমবার দুপুরে তিনি এক্সরে করতে চৌগাছা সরকারি হাসপাতালে আসেন। দুপুর সাড়ে ১২টার দিকে নার্স বেশে এক নারী প্রতারক ওই নারীর সাথে কথা বলেন এবং এক্সরে করা হবে বলে পুরাতন ভবনের নিচতলার ১১৬ নং কক্ষে নিয়ে যান। ওই কক্ষ বেশির ভাগ সময় বন্ধ থাকে এবং লোক চলাচল কম হয়।

কক্ষে প্রবেশ করে প্রতারক ওই নারীকে বোরখাসহ কানের দুল, কাছে থাকা টাকা, মোবাইল ফোন পাশের টেবিলে রাখা ব্যাগে রাখতে বলেন। এক্সরে হবে ডাক্তার আসছে বলে ওই নারীকে কিছুটা ঘুরে বসতে বলে প্রতারক।

নারী ঘুরে বসতেই ব্যাগে রাখা ৩ হাজার টাকা, সোনার দুল নিয়ে ব্যাগটি নারীর হেফাজতেই রাখতে বলেন প্রতারক, আরও বলেন আপনি শান্ত হয়ে বসুন আমি ওষুধ নিয়ে আসি। সেই যে বের হয়েছে আর ফেরেনি প্রতারক। দেরি দেখে ওই নারী ব্যাগ নিয়ে বাইরে আসেন এবং তাকে খোজ করতে থাকেন। কোথাও না দেখে সন্দেহ হয়, সঙ্গে সঙ্গে ব্যাগে হাত দিয়ে টাকা ও কানের দুল বের করতে গিয়ে দেখেন কিছুই নেই।

এসময় ওই নারীর চিৎকার ও কান্নাকাটিতে লোকজন ছুটে আসেন এবং বিষয়টি তখনই জানজানি হয়।

এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বলেন, যেখানে ঘটনাটি ঘটেছে সেখানে জনসমাগম খুবই কম থাকে। প্রতারক নিশ্চিত হয়ে বৃদ্ধাকে সেখানে নিয়ে গেছে। হাসপাতালে যারা সেবা নিতে আসবেন প্রত্যেকের অধিক সতর্কতার সাথে চলাফেরার পরামর্শ দিয়েছেন কর্তৃপক্ষ।