চৌগাছা-কোঁটচাদপুর সড়কের ভঙ্গুর,চলাচলে দুর্ভোগ

0

 

মুকুরুল ইসলাম মিন্টু, চৌগাছা (যশোর) ॥ চৌগাছা-কোঁটচাদপুর সড়কে প্রায় চার কিলোমিটার জুড়ে পিচ, ইট, খোয়া উঠে সৃষ্টি হয়েছে গর্তের। বৃষ্টির পানি জমে ওইসব গর্ত ক্রমশ বড় হচ্ছে। ভাঙা স্থানগুলোতে প্রায় ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। নিন্মমানের নির্মাণ সামগ্রী ব্যবহারে সড়কটি আগেই নষ্ট হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। দ্রুত সড়কটি মেরামতের দাবি পথচারীসহ এলাকাবাসীর।
চৌগাছা-কোঁটচাদপুর সড়ক দুই উপজেলাবাসীর জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিকল্প কোন সড়ক না থাকায় এই দুই উপজেলার বাসিন্দারা নিয়মিত সড়কটি ব্যবহার করেন। চৌগাছা পৌর সদরের পাঁচনামনা মোড় হতে দেবিপুর বাজার পর্যন্ত সড়কের অন্তত চার কিলোমিটার জুড়ে ইট, পিচ, খোয়া উঠে সৃষ্টি হয়েছে গর্তের।
বুধবার দুপুরে সড়কটিতে গিয়ে ভাঙ্গা দৃশ্য এবং পথচারীসহ যানবাহন চলাচলে বাড়তি সতর্কতা চোখে পড়ে। নষ্ট হওয়া সড়কের পাশে বেশকিছু শিক্ষা প্রতিষ্ঠান আছে। এসব প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের কাদাপানি পাড়ি দিয়ে যেতে হচ্ছে প্রতিষ্ঠানে। সড়কে যানবাহন চালককেও সতর্কতার সাথে চলাচল করতে হচ্ছে। তারপরও ঘটছে দুর্ঘটনা। বিকল হচ্ছে যানবাহন। সড়কের পাশে অবস্থিত ব্যবসায়ীরা কোন উপায় না পেয়ে নিজ উদ্যোগে ভাঙ্গা সড়কের বেশ কিছু বড় গর্ত ইট -বালি দিয়ে ভরাট করেছেন।
বাসচালক নজরুল ইসলাম ও রাজু আহমেদ বলেন, সড়কটির চৌগাছা অংশের অনেক স্থান চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। অল্প বৃষ্টিতে গর্তগুলো পানিতে ভরে থাকছে। যখনই বাস ওই গর্তে পড়ছে তখন কোন না কোন সমস্যা দেখা দিচ্ছে। ফলে প্রায় দিনই বাস গ্যারেজে নিতে হয়।
পাতিবিলা গ্রামের ব্যবসায়ী আমিনুর রহমান বলেন, চোখের সামনে দেখতে দেখতে সড়কটি ভেঙ্গে গর্তের সৃষ্টি হয়েছে। অল্প গর্তের সময় মেরামতের উদ্যোগ নিলে বর্তমান পরিস্থিতির সৃষ্টি হতো না।
ভ্যানচালক জাকির হোসেন ও ইজিবাইক চালক ইসমাইল হোসেন বলেন, সড়কটি যেভাবে ভেঙ্গেছে তাতে ছোটখাটো যানচলাচলে ঝুঁকি বেড়েছে। তারপরও সংসারের চাকা সচল রাখতে নিয়মিত সড়কে আসতে হয়। সড়কটির পাশে অবস্থিত তরিকুল ইসলাম পৌর কলেজের অধ্যক্ষ মনজুরুল আলম লিটু এবং আইপি পৌর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শওকত আলী বলেন, ব্যস্ততম এই সড়কটি খুব কম সময়ের মধ্যে নষ্ট হয়ে গেছে। এতেকরে স্কুল কলেজগামী ছেলে- মেয়েদের দুর্ভোগ বেড়েছে।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী রিয়াসাত ইমতিয়াজ বলেন, গুরুত্বপূর্ণ এই সড়কটি মেরামতের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আশা করছি হচ্ছে দ্রুত সময়ের মধ্যে মেরামত কাজ শুরু করা সম্ভব হবে।