চৌগাছায় বিধবার গোয়ালে আগুন, পুড়েছে চারটি গরু

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর)॥ চৌগাছায় রান্না ঘরের আগুন থেকে সৃষ্ট অগ্নিকান্ডে পুড়েছে বিধবা নারীর চারটি গরু। শুক্রবার ভোরে উপজেলার জগদীশপুর গ্রামের পশ্চিমপাড়ায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

জগদীশপুর গ্রামের পশ্চিমপাড়ার মৃত রাশেদ আলীর স্ত্রী চেয়ারী বেগম (৬২)। তার কোন ছেলে সন্তান নেই। একমাত্র মেয়ের মেয়েকে নিয়ে বসবাস করেন। শুক্রবার ভোরে তার রান্না ঘরের চুলার আগুন হতে পাশেই গোয়াল ঘরে আগুন লেগে যায়। হঠাৎ আগুন দেখে চিৎকার দিলে স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টার পাশাপাশি ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিস খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ সময় গোয়ালে থাকা চারটি গরু এলাকার মানুষেরা উদ্ধার করেন। যদিও গরুগুলো পুরোপুরি অক্ষত ছিলনা। পশুগুলোর শরীরের কিছু অংশ পুড়ে গেছে।

স্থানীয় বাসিন্দা ইমদাদুল হক ও মিলন হোসেন বলেন, আগুনের শিখা দেখে আমরা আতংকিত হয়ে পড়ি। গোয়াল ঘরে জ্বালানিসহ বিভিন্ন জিনিসপত্র থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। গোয়ালে থাকা চারটি গরু পুড়তে দেখে আমরা সবকিছু উপেক্ষা করে ওই গুরুগুলোকে বের করে এনেছি। যদিও গরুগুলোর শরীরের কিছু অংশ পুড়ে গেছে।

গ্রাম পুলিশ ইমদাদুল ইসলাম বলেন, আমার বাড়ির কাছে ওই নারীর বাড়ি। আমরা সবাই চেষ্টা করে গরুগুলোকে বের করতে পেরেছি। কারণ চেয়ারী বেগমের স্বামী নেই। এমনকি নেই কোন ছেলে সন্তান। বাড়িতে গরু –ছাগল, হাঁস-মুরগি পালন করে তিনি জীবিকা নির্বাহ করেন।

চেয়ারী বেগম বলেন, আগুনে পুড়ে তার অনেক ক্ষতি হয়েছে।

চৌগাছা ফায়ার সর্ভিসের সাবস্টেশন অফিসার এসএম ফিরোজ হোসেন বলেন, খবর পেয়ে আমরা দ্রুতই ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। রান্না ঘরের চুলার আগুন হতে সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।