চৌগাছায় ট্রাকচাপায় সাইকেল আরোহী নিহত

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর)॥ চৌগাছায় এক বাইসাইকেল আরোহীকে চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক উল্টে যায় সড়কের পাশে। স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌগাছা হাসপাতালে নেন। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্যে তাকে পাঠানো হয় যশোরে। কিন্তু পথিমধ্যে তার মৃত্যু হয়।

সোমবার দিবাগত রাত সাড়ে দশটার দিকে চৌগাছা-মহেশপুর সড়কের জিসিবি আদর্শ কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে।

থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাতে চৌগাছা থেকে ছেড়ে আসা একটি ট্রাক (চুয়াডাঙ্গা ট-১১-০৯১৬) ঘটনাস্থলে পৌঁছে বাইসাইকেল আরোহী কেষ্ট দাসকে (৪০) পেছন দিক থেকে ধাক্কা দেয়। এ সময় তিনি মারাত্মক আহত হন। দুমড়ে মুচড়ে যায় বাইসাইকেলটি। ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের নিচে উল্টে যায়। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় কেষ্ট দাসকে উদ্ধার করেন।

স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম বলেন, বেপরোয়া গতির ট্রাকটি ঘটনাস্থলে পৌঁছে বাইসাইকেল আরোহীকে চাপা দিয়ে সড়কের পাশে উল্টে যায়। আমরা ঘটনাস্থলে পৌঁছে আহতকে উদ্ধার করি। পরে তিনি মারা যান। নিহত কেষ্ট দাস উপজেলার নারায়নপুর ইউনিয়নের বড়খানপুর গ্রামের পুলিন দাসের ছেলে। চাঁদপাড়া বাজারে সেলুনের ব্যবসা করতেন।

চৌগাছা থানার অফিসার ইনচার্জ মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে রাতেই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। নিহতের স্বজনদের কোন অভিযোগ না থাকায় মরাদেহ স্বজনদের কাছে দেওয়া হয়েছে।