চৌগাছায় দু দিনে কুকুরের কামড়ে শিশুসহ আহত ৭

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ চৌগাছায় দুই দিনে কুকুরের কামড়ে ৭ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতরা চৌগাছা সরকারি হাসপাতাল থেকে র‌্যাবিস ভ্যাকসিন গ্রহণ করেছেন। হঠাৎ করেই কুকুরের আক্রমণ বেড়ে যাওয়ায় আতংকিত মানুষ। বিশেষ করে স্কুল কলেজে পড়া ছেলে মেয়েদের নিয়ে দুঃশ্চিন্তায় রয়েছেন অভিভাবক মহল।
চৌগাছা ৫০ শয্যা সরকারি হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২ মার্চ সোমবার (৩ এপ্রিল) সকাল থেকে বুধবার (৫ এপ্রিল)  দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন গ্রামে শিশুসহ অন্তত সাতজন কুকুরের কামড়ে আহত হয়েছেন। আহতরা হলেন, উপজেলার মির্জাপুর গ্রামের আবুল কাশেমের ছেলে ওহিদুল ইসরাম (৪৫), একই গ্রামের আব্দুল লতিফের ছেলে জিল্লুর রহমান, পীর আবুল হোসেন (৫৫), উপজেলার দানবাক্স গ্রামের তাইফুল ইসলামের ছেলে হুসাইন আহমেদ (৬), খড়িঞ্চা নওদাপাড়া গ্রামের মৃত জয়নাল হোসেনের ছেলে সোহাগ হোসেন (২৭), হাকিমপুর গ্রামের আসাদুর রহমানের ছেলে সাদনান হাসান (৬) একই গ্রামের আব্দুস সাত্তারের স্ত্রী রোজিনা খাতুন (৪০) ও চাঁদপাড়া গ্রামের নবীছদ্দিনের ছেলে মগরেব আলী (৬০)।
আহত সোহাগ হোসেনর প্রতিবেশী খলিলুর রহমান বলেন, মঙ্গলবার (৪ এপ্রিল) রাতে  তারাবি নামাজের প্রস্তুতি গ্রহণ করার সময় পাশের বাড়িতে সোহাগ নামের  একটি ছেলের চিৎকারে ছুটে যাই। এ সময় দেখি একটি কুকুর তাকে মাটিতে ফেলে কামড়িয়ে ক্ষতবিক্ষত করেছে। আমরা দৌড়ে গেলে কুকুর ছেলেটিকে ফেলে চলে যায়। মির্জাপুর গ্রামে কুকুরের কামড়ে আহত ওহিদুল ইসলাম বলেন, মঙ্গলবার রাতে তারাবি নামাজ আদায়ে বাড়ি হতে সড়কে আসা মাত্রই কুকুরের আক্রমণের শিকার হন তিনি। একই রাতে গ্রামে আরও দুই জনকে কুকুর কামড়িয়ে আহত করেছে।
চৌগাছা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক উত্তম কুমার বলেন, হঠাৎ করেই কুকুরের কামড়ে আহত রোগী বেড়েছে। মঙ্গলবার আক্রান্তদের মধ্যে খড়িঞ্চা গ্রামের সোহাগের শরীরে ক্ষত বেশ মারাত্মক। আমরা তাকে নিয়মিত র‌্যাবিস ভ্যাকসিন গ্রহণের পাশাপাশি ওষুধ সেবনের পরামর্শ দিয়েছি।