চৌগাছায় ট্রাকের সাথে সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী নিহত

0

 

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ যশোরের চৌগাছায় এক দিন যেতে না যেতে আবারও সড়কে ঝরলো দুইটি প্রাণ। মঙ্গলবার বিকেলে চৌগাছা-ঝিকরগাছা সড়কে পলুয়া মসজিদের সামনে ট্রাকের চাপায় মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় নিহতের পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে উপজেলার পাশাপোল ইউনিয়নের মালিগাতি গ্রামের মৃত আলী বক্সের ছেলে নুর ইসলাম (৪০) তার নিকট আত্মীয় একই ইউনিয়নের দুড়িয়ালী গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে আয়ুব হোসেনকে (৫৫) সাথে নিয়ে মোটরসাইকেলে পাশাপোল বাজার হতে ঝিকরগাছার ছুটিপুর বাজারে যাচ্ছিলেন। চৌগাছার পলুয়া গ্রাম জামে মসজিদের সামনে পৌঁছলে বিপরীত দিক হতে আসা দ্রুত গতির একটি ট্রাকের নিচে চাপা পড়েন তারা। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়। ঘাতক ট্রাকের চালক ও তার সহকারী ট্রাক ফেলে রেখে পাশেই কপোতাক্ষ নদ পার হয়ে পালিয়ে যান। খবর পেয়ে থানা পুলিশ মরাদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে মর্গে পাঠিয়েছে।
দুর্ঘটনায় নিহতের স্বজন দুড়িয়ালী গ্রামের ইউপি সদস্য আলী কদর বলেন, নিহত আয়ুব হোসেনের বাড়ি এবং আমার বাড়ি পাশাপাশি। তিনি অত্যন্ত ভাল ছেলে। প্রয়োজনীয় কাজে দুপুরের পর বাড়ি হতে বের হয়ে এখন লাশ হয়ে ফিরছেন। এই শোক পরিবার কিভাবে কাটিয়ে উঠবে?
প্রত্যক্ষদর্শী পাশাপোল গ্রামের সাইফুল ইসলাম ও স্থানীয় স্কুল শিক্ষক মফিজুর রহমান বলেন, এই সড়কে থেমে থেমে ঘটছে দুর্ঘটনা- মারা যাচ্ছে মানুষ। অনেকে হচ্ছেন চিরতরে পঙ্গু। যে ট্রাকটি নিহতদের চাপা দিয়েছে সেটি চরম বেপরোয়া গতিতে চলছিল। মসজিদের সামনে নিয়ন্ত্রণ করতে না পারায় এই দুর্ঘটনা। পাশাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অবাইদুল ইসলাম সবুজ বলেন, খবর পেয়ে আমি দ্রুত দুর্ঘটনাস্থলে যাই। এটি মর্মান্তিক একটি দুর্ঘটনা। এমন মৃত্যু কারো কাম্য নয়।
১১ ডিসেম্বর সোমবার রাত সাড়ে ৭ টার দিকে চৌগাছা-মহেশপুর সড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় মহেশপুর উপজেলার শংকরহুদা গ্রামের কলেজ পড়ুয়া শাওন হোসেন নামে এক যুবক মারা যান। আহত হন চুয়াডাঙ্গা সদর উপজেলার কুড়ালগাছি গ্রামের বাবুল হোসেনের ছেলে পলাশ হোসেন (৩০)।