চৌগাছায় জোড়া খুনের ঘটনায় হত্যা মামলা, আটক-২

0

মুকুরুল ইসলাম মিন্টু, চৌগাছা (যশোর)॥ যশোরের চৌগাছায় জোড়া খুনের ঘটনায় থানায় মামলা হয়েছে। শুক্রবার রাতে নিহত আয়ুব আলীর মেয়ে সোনিয়া খাতুন বাদি হয়ে চারজনের নাম উল্লেখ করে হত্যা মামলাটি করেন। নিহতদের ময়না তদন্ত শেষে শুক্রবার বাদ আসর নিজ গ্রামে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়, এরপর পারিবারিক কবর স্থানে পাশিপাশি দুই কবরে দুই ভাই চির নিদ্রায় শায়িত হয়। হত্যাকান্ডের দুই দিন পার হলেও কান্না থামেনি পরিবারে। স্ত্রী সন্তানদের বুকফাটা আর্তনাদে এখনও এলাকার বাতাস ভারি হয়ে আছে। কোন শান্তনায় যেন তাদের হুদয় মন শান্ত হচ্ছেনা।
শনিবার সকালে আলোচিত জোড়া হত্যাকান্ডের গ্রাম উপজেলার টেংগুরপুর গ্রামে নিহতের পরিবারে যেয়ে দেখা যায়, শোকে কাতর গোটা পরিবারের লোকজন। নির্মম হত্যার শিকার আয়ুব আলী খা ও ইউনুচ আলী খা’র একমাত্র ছোট ভাই শেরআলী খা বলেন, যশোর আড়াইশ শয্যা হাসপাতালে ভাইদের ময়নাতন্ত শেষে শুক্রবার বিকেলে মরাদেহ বাড়িতে আসে। এসময় হৃদয় বিদারক এক পরিস্থিতির সৃষ্টি হয়। পাশ্ববর্তী বিভিন্ন গ্রামসহ নিকট আত্মীয় স্বজনরা এক নজর দেখার জন্য ছুটে আসেন গ্রামে। তবে অনেকেই দায়ের কোপে ভাইদের ক্ষত বিক্ষত শরীর ভয়ে দেখতে পারেনি। বিকেল সাড়ে ৫ টার দিকে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর পারিবারিক কবরস্থানে দুই ভাইকে চির নিদ্রায় শায়িত করা হয়। শুক্রবার রাতে নিহত আয়ুব আলী খা’র মেয়ে সোনিয়া খাতুন বাদি হয়ে চার জনের নাম উল্লেখ করে চৌগাছা থানায় একটি হত্যা মামলা করেন। মামলার এজাহারভুক্ত আসামী একই গ্রামের আফজেল হোসেনের ছেলে বিপুল ও মুকুল হোসেনকে আটক করা হলেও অপর দুই আসামী এ খবর লেখা পর্যন্ত আটক হয়নি।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও থানা অফিসার ইনচার্জ (তদন্ত) ইয়াছিন আলম চৌধুরী বলেন, হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামীকে পুলিশ আটক করতে সক্ষম হয়েছে। বাকি আসামীদের আটকের ব্যাপরে জোর চেষ্টা চলছে। আসা করছি দ্রুত সময়ের মধ্যে অন্য আসামীদের আটক করা সম্ভব হবে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে উপজেলার টেংগুরপুর গ্রামের মৃত আব্দুল মুজিদ খার দুই ছেলে আয়ুব আলী খা (৫৮) ও ইউনুচ আলী খা (৫৫) কে গাছি দা দিয়ে কুপিয়ে নৃশংস ভাবে হত্যা করে প্রতিবেশি বিপুল হোসেন, বিল্লাল হোসেনরা। হামলায় মারাত্মক আহত হয় আয়ুব আলীর ছেলে আশাদুল ইসলাম খান রনি (২৭)। বর্তমানে সে যশোর কুইন্স হাসপাতালে চিকিৎসাধীন আছে, তবে উন্নত চিকিৎসার জন্য দ্রুতই ঢাকায় নেয়া হবে বলে জানান নিহতদের স্বজন জুল ফিক্কার আলী ভুট্টো খান।