শার্শার গোগায় ৫০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী আজিজুল আটক

0
শার্শায় পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী আজিজুল ইসলাম।

​আজিজুল ইসলাম, বাগআঁচড়া (যশোর) সংবাদদাতা ॥ যশোরের শার্শা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গোগা কলেজ মোড় থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আজিজুল ইসলাম (৬৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটক আজিজুল ইসলাম সাতক্ষীরা জেলার আশাশুনি থানার নওয়াপাড়া শ্বেতপুর উত্তরপাড়া গ্রামের মৃত গোলাপ সরদারের ছেলে।

​পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানার একটি চৌকস দল গোগা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকালে গোগা বাজার কলেজ মোড়ে পাকা রাস্তার ওপর থেকে আজিজুলকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা জব্দতালিকাভুক্ত করে আসামীকে থানায় নেওয়া হয়।

​পুলিশ আরও জানায়, আটককৃত আজিজুলের বিরুদ্ধে পূর্বেও দুটি মাদক মামলা রয়েছে।

​এ বিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, “উদ্ধারকৃত ইয়াবাসহ আটক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নতুন মামলা রুজু করা হয়েছে। আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।”