যশোরে অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ইজিবাইক দুমড়েমুচড়ে নিহত ২

0

স্টাফ রিপোর্টার, লোকসমাজ : যশোর সদর উপজেলার চাঁচড়া কৃষ্ণবাটি এলাকার একটি অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের দুই আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা দাওয়াতে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন বলে জানা গেছে।

তারা হলেন সদর উপজেলার তপসিডাঙ্গা এলাকার গফুর গাজীর ছেলে আজিজুল হক (৪৫) এবং একই এলাকার কুড়ন গাজীর ছেলে এরশাদ (৫০)।

যশোর রেলওয়ে পুলিশের উপ-সহকারী পরিদর্শক (এএসআই) আব্দুল্লাহ আল মামুন জানান, দুপুর ২টার দিকে যশোর স্টেশন থেকে ছেড়ে যাওয়া বেনাপোলগামী একটি ট্রেন চাঁচড়া কৃষ্ণবাটি অরক্ষিত রেলক্রসিং অতিক্রম করার সময় একটি ইজিবাইককে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় আরোহী দুই জনের।

তিনি জানান, আজিজুল হক ইজিবাইকের চালক ছিলেন। তার পাশে বসেছিলেন এরশাদ। দুই জনে দুপুরে এক আত্মিয়ের বাড়ি দাওয়াতে যাচ্ছিলেন বলে স্বজনেরা জানিয়েছেন।

যশোরে অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ইজিবাইক দুমড়েমুচড়ে নিহত ২প্রত্যক্ষদর্শীরা জানান, ইজিবাইকটি রেললাইন পার হওয়ার সময় ট্রেনের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ইজিবাইকে থাকা দুই আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধারের চেষ্টা করলেও ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় জমে। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের পরিচয় শনাক্ত করে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করে।