জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

0
রাজধানীর গুলিস্তানের জাসদ কার্যালয়ে গোপন বৈঠক ও ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে আওয়ামী লীগের নেতাকর্মী সন্দেহে অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ।। ছবি: সংগৃহীত
রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে অবস্থিত জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয়ে গোপন বৈঠক চলাকালে আওয়ামী লীগের নেতাকর্মী সন্দেহে অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে জাসদ কার্যালয়ে এই অভিযান চালানো হয় এবং তাদের আটক করে পল্টন থানায় নিয়ে যাওয়া হয়।

ডিএমপি সূত্রে জানা গেছে, জাসদের প্রধান কার্যালয়ের ভেতর হঠাৎ মিছিল ও স্লোগান দেওয়া হচ্ছিল। সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হচ্ছে—এমন খবর পাওয়ার পরপরই পুলিশ তাৎক্ষণিকভাবে ওই ভবনে অভিযান পরিচালনা করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি মিডিয়া) ও মুখপাত্র মো. আকতার হোসেন জানান, খবর পেয়ে পল্টন থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং সেখান থেকে সন্দেহভাজন ৩০ থেকে ৪০ জনকে আটক করে থানায় নিয়ে আসে।

ডিএমপির এই মুখপাত্র আরও জানান, আটককৃতদের পরিচয় এবং উপস্থিতি নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তথ্য যাচাই-বাছাইয়ের কাজ চলছে। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে পরবর্তী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।