চৌগাছায় জলাবদ্ধ এলাকায় অসহায়দের ত্রাণ দিলেন পৌর প্রশাসক

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ চৌগাছায় জলাবদ্ধ শতাধিক পরিবারের মাঝে পৌর কর্তৃপক্ষ ত্রাণ বিতরণ করেছে। বুধবার পৌরসভার ২নং ওয়ার্ডের পাঁচনামনা বালিগর্ত জলাবদ্ধ এলাকায় এসব ত্রাণ বিতরণ করা হয়।

পৌর প্রশাসক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিএমএ মুনীব উপস্থিত থেকে অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

এ সময় প্রত্যেক পরিবারের মাঝে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু ও এক লিটার সয়াবিন তেল বিতরণ করা হয়। ত্রাণ বিতরণে পৌর নির্বাহী কর্মকর্তা মোশারফ হোসেন, উপস্থিত ছিলেন।

পৌর প্রশাসক জলাবদ্ধ মানুষের উদ্যেশে বলেন, আমরা ইতোমধ্যে সিদ্ধান্ত নিয়েছি এই মহল্লায় একটি ড্রেন নির্মাণ করা হবে। ড্রেনটি কোন পাশে তৈরি হলে সকলেই উপকৃত হবেন সে বিষয়ে পর্যালোচনা চলছে। ড্রেন হলে আপনাদের দুর্ভোগ লাঘব হবে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার একটানা বৃষ্টিতে বালিগর্তে বসবারত মানুষজন বিশেষ করে সাঁওতাল সম্প্রদায়ের লোকজন চরম বিপাকে পড়েন। তাদের বসবাসের স্থান অপেক্ষাকৃত অনেক নিচু। যে কারণে এই এলাকার বৃষ্টির পানি সেখানে জমা হয়।

বৃষ্টির পানিতে তাদের বাড়ি ঘর সবই তলিয়ে যায় পানির নিচে। তাৎক্ষণিক ভাবে বিএনপির নেতৃবৃন্দ অসহায় পরিবারের মাঝে ত্রাণ দেন এবং বুধবার পৌরসভার পক্ষ হতে তাদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।