চৌগাছায় কপোতাক্ষ পাড় থেকে মরদেহ উদ্ধার

0

স্টাফ রিপোর্টার চৌগাছা (যশোর) ॥ চৌগাছায় কপোতাক্ষ নদের পাড় থেকে আবু খায়ের নামের (৫৫) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত ১০ টার দিকে ডাকবাংলোর পাশে নদের ধারে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। নিহত আবু খায়ের পৌরসভার মডেল স্কুল পাড়ার বাসিন্দা। শনিবার সকালে ময়নাতদন্তের জন্য পুলিশ মরদেহ যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আবু খায়ের যশোর সদরের চুড়ামনকাটি ইউনিয়নের ঝাউদিয়া গ্রামের বাসিন্দা। পেশায় একজন রড মিস্ত্রি, তিনি দীর্ঘদিন ধরে চৌগাছা পৌরসভার ৮নং ওয়ার্ডের মডেল স্কুল পাড়ায় বাড়ি তৈরি করে পরিবার নিয়ে বসবাস করেন। রড মিস্ত্রির কাজ করলেও মাছ ধরা ছিলো তার নেশা। সুযোগ পেলেই জাল নিয়ে ছুটে যেতেন কপোতাক্ষ নদে। শুক্রবার বিকেল চারটার দিকে তিনি মাছ ধরার জন্য জাল নিয়ে কপোতাক্ষ নদে যান। মাছ ধরতে ধরতে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যার পর তিনি বাজারস্থ জেলা পরিষদ ডাক বাংলোর পাশে নদের পাড়ে মারা যান। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।
মৃতের স্বজন আসমা খাতুন বলেন, শুক্রবার বিকেলে তিনি মাছ ধরতে বাড়ি থেকে বের হন। রাত অনেক হলে তার মেয়ে তানজিলা আক্তার লিজা পিতার ব্যবহৃত ফোনে একাধিকবার ফোন দেয় কিন্তু রিসিভ হয়নি। রাত সাড়ে ৯টার দিকে আবু খায়েরের মোবাইল থেকে ফোন আসলে রিসিভ করা হয়, তখন অপর প্রান্ত হতে থানা পুলিশের পরিচয় দিয়ে ঘটনা জানালে আমরা দ্রুত নদ পাড়ে ছুটে যায়।
থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সবুজ বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। মরদেহ শনিবার সকালে মর্গে প্রেরণ করা হয়েছে, ময়নাতদন্ত সম্পন্ন হলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।