চৌগাছায় আলমসাধু উল্টে নিহত ১, আহত ২

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ যশোরের চৌগাছায় স্যালোচালিত আলমসাধুর নিচে চাপা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় চালকসহ আরও একজন মারাত্মক আহত হয়েছেন।। আহতদের উন্নত চিকিৎসার জন্য যশোরে পাঠানো  হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে চৌগাছা -পুড়াপাড়া সড়কে খড়িঞ্চা বাজারে এই দুর্ঘটনা ঘটে।
থানা ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ঝিনাইদাহ জেলার মহেশপুর উপজেলার নাটিমা ইউনিয়নের নস্তি গ্রামের মৃত অবনিশ হালদারের ছেলে সুজন হালদার (৩২), একই গ্রামের আলমসাধু সালক রফিকুল ইসলাম ও মান্দারতলা গ্রামের আতিয়ার রহমান প্লাস্টিকের ড্রামে মাছ ভরে বিক্রির জন্যে চৌগাছার দিকে রওনা হন। পথিমধ্যে চৌগাছার খড়িঞ্চা বাজারে পৌঁছুলে আলমসাধুর একটি যন্ত্র ভেঙে সড়কের পাশ উল্টে যায়। এতে আলমসাধুর নিচে চাপা পড়ে সুজন হালদার ঘটনাস্থলেই মারা যান। মারাত্মক আহত হন চালক রফিকুল ইসলাম ও মাছ ব্যবসায়ী আতিয়ার রহমান। স্থানীয়রা তাদের উদ্ধার করে চৌগাছা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক সুজন হালদারকে মৃত ঘোষণা করেন। আহতদের উন্নত চিকিৎসার জন্য দ্রুত যশোরে রেফার করা হয়।
নিহতের বড় ভাই সন্নাসি হালদার বলেন, পেশায় তারা জেলে। অন্যের পুকুর, ঘের, বিল বা বাওড় থেকে মাছ ধরে যা রোজগার হয় তাতেই চলে সংসার। বুধবার খুব সকালে মহেশপুরের জাগুসা গ্রাম হতে মাছ ধরে বিক্রির জন্যে চৌগাছার দিকে রওনা হন। পথিমধ্যে আলমসাধুর এক্সেল ভেঙে এই দুর্ঘটনা ঘটে। চৌগাছা থানার এসআই জাফর আহমেদ বলেন, নিহতের পরিবারের কোন দাবি না থাকায় উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ময়না তদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।