চৌগাছায় আজ শুরু তিন দিনের গুড়ের মেলা

0

মুকুরুুল ইসলাম মিন্টু, চৌগাছা (যশোর) ॥ আজ সোমবার থেকে চৌগাছা উপজেলা চত্বরে শুরু হচ্ছে তিন দিনব্যাপী গুড়ের মেলা। ইতোমধ্যে মেলার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানা গছে উপজেলা প্রশাসন থেকে।
গত কয়েক দিন ধরে উপজেলাতে চলছে গুড় মেলার মাইকিং। উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক, বিভিন্ন মোড়ে শোভা পাচ্ছে চিরচেনা খেজুর গাছ আর রস থেকে গুড় তৈরির ব্যানার- ফেস্টুন। প্রচার প্রচারণা এতোটাই বেশি হয়েছে যে, ছোট পর্যায়ের একজন গাছিও এবারের মেলাতে তার তৈরি গুড় নিয়ে আসতে প্রস্তুতি গ্রহণ করেছেন। মেলা শুরু হওয়ার এক দিন আগে থেকেই গাছি ও দর্শনার্থীরা উপজেলায় আসতে শুরু করেছেন।
পৌর এলাকার গাছি আছের উদ্দিন বলেন, গত বছর পরিবেশ তেমন ভাল ছিল না, তবে এ বছর মনে হচ্ছে খুবই ভাল হবে। কর্তৃপক্ষ গাছিদের জন্যে যে আয়োজন করেছেন তাতে আমি বেজায় খুশি।
শতাধিক গাছ হতে রস সংগ্রহকারী উপজেলার বাঘারদাড়ি গ্রামের গাছি লিয়াকত আলী জানান, আমার পিতা ছিল একজন নামকরা গাছি, পিতার পেশাকে আমরা আগলে রেখেছি। প্রতি শীত মৌসুমে শতাধিক গাছ হতে রস সংগ্রহ করি এবং খাঁটি গুড় তৈরি করি। আমার তৈরি গুড়ের সুনাম স্থানীয়ভাবে তো আছে, এছাড়া দেশের বিভিন্ন জেলাতেও আছে। গত বছর গুড় মেলাতে আমি গুড় তুলেছিলাম। তবে অদৃশ্য কারণে সেরাদের জায়গা আমি দখল করতে পারিনি। এবার আশা করছি ওই জায়গা দখলে নেব।
এদিকে উপজেলার আড়পাড়া, দক্ষিনসাগর, মাড়–য়া, কান্দি, মির্জাপুর, জগদীশপুর, সাদিপুর, পাতিবিলা, হাকিমপুর, চাকলা, নিয়ামতপুর, স্বরুপদাহ, বাঘারদাড়ি, আন্দারকোটা, দেবুলা, ধুলিয়ানীম মাশিলা, কুষ্টিায়াসহ একাধিক গ্রামের গাছিদের সাথে কথা বলে জানা গেছে, তারা গুড়ের মেলাকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহিত। এমন একটি মেলা হলে সেখানে নিজেদেরকে জানান দেয়া যায়- কে কতটা ভাল গুড় তৈরি করে।
পৌরমেয়র নুর উদ্দিন আল মামুন হিমেল বলেন, গুড়ের মেলাকে ঘিরে গাছিদের মাঝে এক ধরনের প্রাণচাঞ্চল্যতা ফিরে এসেছে। সবাই চেষ্টা করছেন সেরাটা প্রদর্শন করতে। আমি আশাবাদী গাছিরা এখানে গুড় নিয়ে এসে লাভবান হবেন।
উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহা জানান, ইতোমধ্যে মেলার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মেলাকে কেন্দ্র উপজেলার গাছিদের মাঝে ব্যাপক সাড়া পড়েছে। আশা করছি মেলা প্রাণবন্ত হবে।