রামপালে উন্নয়ন বরাদ্দ বঞ্চিত ৭ চেয়ারম্যানের আল্টিমেটাম

0

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা॥ বাগেরহাটের রামপাল উপজেলার উন্নয়ন বরাদ্দ বঞ্চিত ৭ জন ইউপি চেয়ারম্যান আল্টিমেটাম দিয়ে পরিষদের সব সভা ও সমন্বয় কার্যক্রম বর্জন করেছেন। পরিস্থিতির উন্নতি না হলে উপজেলা পরিষদের কোন কার্যক্রমে অংশগ্রহণ এবং সহযোগিতা করবেন না বলেও ঘোষণা দিয়েছেন তারা।
বৃহস্পতিবার ( ১৫ জুন) সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে নির্ধারিত সমন্বয় কমিটির মিটিংয়ে হাজির হয়ে ৭ জন চেয়ারম্যান স্বাক্ষরিত একটি অভিযোগপত্র রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলমের মাধ্যমে বাগেরহাট জেলা প্রশাসক বরাবর প্রেরণ করা হয়।
লিখিত অভিযোগে তারা দাবি করেন, সরকারের উন্নয়ন কর্মকান্ড পরিচালনার জন্যে স্থানীয় সরকারের গুরুত্ব অপরিসীম এবং ইউনিয়ন পরিষদের সকল উন্নয়ন কর্মকান্ড স্থানীয়ভাবে বাস্তবায়িত হয়ে থাকে। এরমধ্যে সরকারের উন্নয়ন কর্মকান্ড পরিচালনার জন্য এডিবি ও রাজস্ব ফান্ডের কোটা ইউপি চেয়ারম্যানগণ পেয়ে থাকি। যা ইউনিয়নের উন্নয়নের জন্য ব্যয় করা হয়ে থাকে। তারা ক্ষোভ প্রকাশ করে আরও জানান, উপজেলার ১০ টি ইউপির মধ্যে ৭ জন চেয়ারম্যান আওয়ামী লীগের মনোনীত। উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন পরিষদের কোন উন্নয়ন বরাদ্দ আমাদের দেন না। যে কারণে আমাদের ইউনিয়নের উন্নয়নমূলক সকল কাজ ব্যহত হচ্ছে। এতে সরকারের ভাবমূর্তি ক্ষুণœ হচ্ছে এবং জনগণের রোষানলেও পড়তে হচ্ছে।
এ বিষয়ে রামপাল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পদক সেখ মোয়াজ্জেম হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, আওয়ামী লীগের মনোনীত নির্বাচিত ৭ জন চেয়ারম্যান আমার বিরুদ্ধে যে অভিযোগ দিয়েছেন সেটি সঠিক নয়। বরাদ্দকৃত অর্থ ১০ ইউনিয়নে জনসংখ্যার অনুপাতে সঠিক হারে বণ্টন করা হয়। আমি কোন কমিশন বাণিজ্য করি না।
অভিযোগের বিষয়ে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলম জানান, অভিযোগের কপি পেয়েছি। বাগেরহাট জেলা প্রশাসক মহোদয়ের সাথে কথা বলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।