চৌগাছার বলুহ মেলার অনুমতি মিলেছে

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ নানা নাটকীয়তা শেষে অনুমতি মিলেছে চৌগাছার ঐতিহ্যবাহী পীর বলুহ মেলার। সোমবার দিবাগত রাত দশটার পর অনুমতিপত্র হাতে পায় সংশ্লিষ্টরা। তবে মেলা পরিচালনা করবেন স্থানীয় আওয়ামী লীগের বিবাদমান দুই গ্রুপ মিলে। মেলার অনুমতি মিলেছে এমন খবরে দূর দূরান্ত হতে আসা হরেক রকমের ব্যবসায়ীসহ স্থানীয়দের মাঝে বয়ে যায় আনন্দ। কিন্তু প্রথম দিনের বিকেল থেকে বাধ সেধেছে বৃষ্টি। এর ফলে মেলায় অস্থায়ীভাবে তৈরি করা দোকানসহ বিভিন্ন মালামাল নিয়ে অনেকে পড়েছেন চরম বিপাকে।
উপজেলার নারায়নপুর ইউনিয়নের হাজরাখানা গ্রামের পাশ দিয়ে বয়ে চলা মহাকবি মাইকেল মধুসূদন দত্তের কপোতাক্ষ নদের পশ্চিম পাশে উঁচু মাটির ঢিবির ওপর চিরনিদ্রায় শায়িত আছেন এ অঞ্চলের প্রখ্যাত পীর বলুহ দেওয়ান (র.)। গরুকে বকপাখি বানিয়ে গাছে বসিয়ে রাখা, সরিষা গাদায় আগুন ধরিয়ে দেয়ার পরও সরিষা পুড়ে না যাওয়া কিংবা খেঁজুর গুড় জ্বালানো চুলোয় খড়ির বদলে পা ঢুকিয়ে জাল দেয়াসহ নানা মিথ ও গল্পে নির্ভর যশোরের চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ দেওয়ানের মেলা। প্রায় সাড়ে তিনশ বছর ধরে চলে আসছে মেলার কার্যক্রম। শুরুতে দোয়া, মিলাদ মাহফিল ও ধর্মীয় বিভিন্ন ওয়াজ নছিয়তের মাধ্যমে চলে আসলেও ধীরে ধীরে তা বৃহৎ মেলার রূপলাভ করে।
প্রতি বছর ভাদ্র মাসের শেষ মঙ্গলবার শুরু হয় মেলা এবং একাধারে দুই তিন সপ্তাহ ধরে চলে। মেলার সময় এলেই কে মেলা পরিচালনা করবেন তা নিয়ে প্রতি বছরই দেখা দেয় নানা জটিলতা। এ বছরও তার কোন ব্যতিক্রম ঘটেনি। স্থানীয় আওয়ামী লীগের বিবাদমান দুই গ্রুপই মেলা পরিচালনার জন্য প্রশাসনের কাছে আবেদন করে। দীর্ঘ প্রতীক্ষার পর সোমবার রাতে প্রশাসন অনুমতি প্রদান করেছেন বলে জানা গেছে।
মেলা পরিচালনা কমিটির আহবায়ক নারায়নপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং হাজরাখানা গ্রামের বাসিন্দা শাহিনুর রহমান শাহিন জানান, প্রশাসন তাকে আহবায়ক, আবুল হোসেনকে সদস্য সচিব এবং ইউপি সদস্য মনিরুজ্জামান মিলনকে ক্যাশিয়ার করে মেলা পরিচালনার দায়িত্ব দিয়েছেন।