চুয়াডাঙ্গায় ১৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

0
ছবি: সংগৃহীত।

চুয়াডাঙ্গা সংবাদদাতা ॥ চুয়াডাঙ্গায় ১৬ কেজি গাঁজাসহ হযরত আলী (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার (৮ জুন) সকাল  ৯টার দিকে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের সুবদিয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।

আটক হযরত আলী চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাকিমপুর গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলামসহ একদল পুলিশ সদস্য সুবদিয়া গ্রাম এলাকায় অভিযান চালান। এ সময় সন্দেহভাজন হিসেবে হযরত আলীকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাঁধে থাকা একটি ট্রাভেল ব্যাগ থেকে ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

সোমবার বেলা ৩টায় জেলা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই অভিযানের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় জেলা পুলিশের সকল ইউনিটে একযোগে মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।

পুলিশ জানিয়েছে, আটককৃত হযরত আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। চুয়াডাঙ্গা সদর থানায় মামলাটি রুজু করার পর তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।