চুয়াডাঙ্গায় অপহরণের ৮ দিন পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

0
ছবি: সংগৃহীত।

চুয়াডাঙ্গা সংবাদদাতা ॥ চুয়াডাঙ্গার সদর উপজেলায় অপহরণের ৮ দিন পর রাফিন (২২) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১৩ জুন) সকালে উপজেলার কুতুবপুর গ্রামের অর্জুন খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রাফিন জেলার আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ইউনিয়নের চিলাভালকি গ্রামের সৌদি প্রবাসী আক্তার হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে তার দাদীর সঙ্গে বসবাস করতেন এবং ব্যাটারিচালিত রিক্সাভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ৫ জুন (শুক্রবার) সকালে রাফিন নিজের রিক্সাভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। সন্ধ্যা পর্যন্ত বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে ফোনটি বন্ধ পান। পরবর্তীতে ওই দিন রাত ৮টার দিকে একটি অজ্ঞাত নম্বর থেকে রাফিনের পরিবারের কাছে ফোন আসে। ফোনদাতা রাফিনকে অপহরণের দাবি করে তাকে জীবিত ফেরত দেওয়ার বিনিময়ে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

এ ঘটনার পর রাফিনের পরিবারের পক্ষ থেকে আলমডাঙ্গা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। নিহতের স্বজনদের দাবি, অপহরণকারীদের সঙ্গে যোগাযোগের সময় রাফিনের অবস্থান জানতে চাইলে তারা রাফিনের সাথে কথা বলতে দেয়নি। উল্টো ফোনের অপর প্রান্ত থেকে রাফিনকে মারধরের শব্দ শুনিয়ে পরিবারের ওপর মানসিক চাপ সৃষ্টি করা হতো।

কুতুবপুর পুলিশ ক্যাম্পের কর্তব্যরত এএসআই শাহাজুল ইসলাম জানান, গতকাল শুক্রবার (১২ জুন) দিবাগত গভীর রাতে অর্জুন খালে মরদেহের সন্ধান পায় পুলিশ। তবে রাত গভীর হওয়ায় তখন মরদেহটি উদ্ধার করা সম্ভব হয়নি। আজ শনিবার সকালে ঘটনাস্থলে পৌঁছে চুয়াডাঙ্গা সদর উপজেলা কুতুবপুর ক্যাম্প পুলিশ মরদেহটি শনাক্ত করে।

তিনি আরও জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। দুপুরে ময়নাতদন্তের জন্য মরদেহটি চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এই হত্যাকাণ্ডের পেছনে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।