ভারতীয় ভিসা ও কনসুলার সেবায় প্রতারকচক্র থেকে সতর্ক থাকার আহ্বান জানাল ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন

0
ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনের কর্মকর্তা পরিচয়ে ভিসা ও কনসুলার সেবা পাইয়ে দেওয়ার নামে অর্থ দাবি করা প্রতারকচক্র থেকে দূরে থাকতে এবং আর্থিক তথ্য শেয়ার না করার জন্য সবাইকে সতর্ক করা হয়েছে।। ফাইল ছবি: সংগৃহীত

ভারতের ভিসা ও অন্যান্য কনসুলার সেবা পাইয়ে দেওয়ার নামে অর্থ আদায়কারী প্রতারকচক্রের বিষয়ে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন বিশেষ সতর্কবার্তা জারি করেছে। হাইকমিশনের কর্মকর্তাদের ভুয়া পরিচয় ব্যবহার করে একটি সংঘবদ্ধ চক্র সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে বলে জানানো হয়েছে।

বুধবার (৫ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত এক জরুরি সতর্কবার্তায় এই তথ্য জানায় ঢাকায় ভারতীয় হাইকমিশন।

বার্তাটিতে উল্লেখ করা হয়, প্রতারকচক্রের সদস্যরা হাইকমিশনের কর্মকর্তা পরিচয়ে সর্বসাধারণের সাথে ফোন কল, হোয়াটসঅ্যাপ বার্তা, ই-মেইল কিংবা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি যোগাযোগ স্থাপন করছে। এরপর তারা ভারতীয় ভিসা বা অন্যান্য কনসুলার সংক্রান্ত প্রক্রিয়া সহজ ও দ্রুত করে দেওয়ার মিথ্যা আশ্বাস দিয়ে অর্থ দাবি করছে।

এই পরিস্থিতিতে ভারতীয় হাইকমিশন স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, তাদের কোনো কর্মকর্তা কখনোই ব্যক্তিগতভাবে ফোন, হোয়াটসঅ্যাপ, ই-মেইল বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ করে ভিসা পাইয়ে দেওয়ার প্রস্তাব দেন না। তাছাড়া কোনো মাধ্যমেই অনিয়মতান্ত্রিক উপায়ে অর্থ দাবি করা হয় না। হাইকমিশনের অধীনে থাকা সমস্ত ভিসা আবেদন নির্ধারিত নিয়ম, সঠিক প্রক্রিয়া ও ফি অনুযায়ী স্বচ্ছতার সাথে নিষ্পত্তি করা হয়ে থাকে।

হাইকমিশনের পক্ষ থেকে আরও আহ্বান জানানো হয়েছে, এ ধরনের কোনো সন্দেহজনক ফোন কল বা বার্তা পেলে কেউ যেন কোনো অবস্থাতেই অর্থ প্রদান না করেন। একই সাথে নিজের ব্যক্তিগত পরিচয়পত্র, পাসপোর্ট সংক্রান্ত নথি বা আর্থিক তথ্য কারো সাথে শেয়ার না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

যদি কেউ এ জাতীয় প্রলোভন বা প্রতারণার মুখোমুখি হন, তবে প্রতারকের ফোন নম্বর, চ্যাটের স্ক্রিনশট এবং প্রয়োজনীয় প্রমাণাদিসহ বিষয়টি দ্রুত ভারতীয় হাইকমিশনকে অবহিত করতে বলা হয়েছে। এ সংক্রান্ত যেকোনো অভিযোগ সরাসরি জানাতে visa.dhaka@mea.gov.in ই-মেইল ঠিকানা ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে। সাধারণ মানুষকে এ ধরনের প্রতারণা থেকে মুক্ত রেখে সুরক্ষিত রাখতে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।