উথলী রেলস্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন

আন্দোলনকারীদের দাবি, বেনাপোল-ঢাকা রুটের বেনাপোল এক্সপ্রেস এবং খুলনা-রাজশাহী রুটের কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের উথলী স্টেশনে যাত্রাবিরতি চালু করতে হবে।

0
উথলী রেলস্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন

জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা, লোকসমাজ : চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী রেলস্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি চালুসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন ও গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে উথলী রেলস্টেশন ব্যবহারকারী যাত্রী ও স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

আন্দোলনকারীদের দাবি, বেনাপোল-ঢাকা রুটের বেনাপোল এক্সপ্রেস এবং খুলনা-রাজশাহী রুটের কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের উথলী স্টেশনে যাত্রাবিরতি চালু করতে হবে। পাশাপাশি স্টেশনে যাত্রীছাউনি, ওভারব্রিজ ও প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নেরও দাবি জানান তারা।

মানববন্ধন চলাকালে বিকেল ৫টার পর খুলনাগামী ৭২৮ ডাউন রূপসা এক্সপ্রেস উথলী স্টেশনে পৌঁছালে আন্দোলনকারীরা কিছু সময় ট্রেনটি আটকে রেখে দাবির পক্ষে স্লোগান দেন। পরে বিকেল ৫টা ১৩ মিনিটে ট্রেনটি পুনরায় গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।

সমাবেশে বক্তারা বলেন, জীবননগর উপজেলার একমাত্র সচল রেলস্টেশন উথলী হলেও এখানে কোনো আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি নেই। ফলে ঢাকা, যশোর, খুলনা ও রাজশাহীসহ বিভিন্ন গন্তব্যে যাতায়াতের জন্য যাত্রীদের দর্শনা স্টেশনে যেতে হয়। এতে সময় ও অর্থ—দুইয়েরই অপচয় হচ্ছে।

তারা আরও বলেন, উথলী রেলস্টেশনে ইতোমধ্যে ১ হাজার ২০০ ফুট দীর্ঘ আধুনিক প্ল্যাটফর্ম নির্মাণ করা হয়েছে। নিরাপত্তাজনিত কোনো সমস্যাও নেই। তাই এ স্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি চালু হলে জীবননগর ছাড়াও পার্শ্ববর্তী মহেশপুর ও চুয়াডাঙ্গা সদর উপজেলার হাজারো মানুষ উপকৃত হবে এবং রেলের রাজস্বও বাড়বে।

মানববন্ধনে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, চাকরিজীবী, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

দ্রুত দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।