চুয়াডাঙ্গার গয়েশপুর থেকে ৩২ লাখ টাকার অবৈধ স্বর্ণ জব্দ

0

লোকসমাজ ডেস্ক ॥ চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গয়েশপুর থেকে ৩২ লাখ টাকা মূল্যের দুটি স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা।

শুক্রবার (১৮ জুলাই) বেলা দেড়টার দিকে জীবননগর উপজেলার গয়েশপুর থেকে এই স্বর্ণের বারগুলো জব্দ করা হয়।

শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিজিবি মহেশপুর ব্যাটালিয়নের ৫৮ বিজিবি সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান।

তিনি জানান, ৫৮ বিজিবির অধীনে মেদিনীপুর বিওপির নায়েব সুবেদার ফারুক হোসেনের নেতৃত্বে একটি টহল দল এদিন বেলা দেড়টার দিকে গয়েশপুর কাঁদাবাগান নামক স্থানে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে একটি মোটরসাইকেল চালককে থামতে বললে তিনি মোটরসাইকেল ফেলে পালিয়ে যান। পরবর্তীতে ওই মোটরসাইকেল তল্লাশী করে সিটের নিচ থেকে দুটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বারগুলোর ওজন ২৩২ গ্রাম। উদ্ধার করা স্বর্ণ এবং মোটরসাইকেলের সর্বমোট তালিকা মূল্য ৩২ লাখ ৮৬ হাজার ৭০৮ টাকা।

তিনি আরও জানান, জব্দকৃত স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা জেলা সরকারী কোষাগারে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।