চুকনগরে গণহত্যা দিবস পালিত

0

ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা॥ খুলনার চুকনগরে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত হয়েছে। ডুমুরিয়া উপজেলা প্রশাসন ও এলাকার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন নানাবিধ কর্মসূচির মধ্যে দিয়ে দিবসটি পালন করে।
কর্মসূচির মধ্যে ছিল সোমবার সকালে চুকনগর গণহত্যা-৭১ স্মৃতিরক্ষা পরিষদ ও আমরা ৭১-র উদ্যোগে চুকনগর ভদ্রা নদীতে ফুলের পাঁপড়ি ছিটানো হয়। এরপর বধ্যভূমি স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করা হয়। প্রথমে ডুমুরিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এরপর পর্যায়ক্রমে খুলনা মহানগর বঙ্গবন্ধু পরিষদ, ডুমুরিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, আমরা ৭১, আটলিয়া ইউনিয়ন পরিষদ, চুকনগর ডিগ্রি কলেজ ও চুকনগর দিব্যাপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
পরে বধ্যভূমি চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চুকনগর গণহত্যা-৭১-র সভাপতি অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার আল আমীন।
বক্তব্য রাখেন আমরা ৭১-র সমন্বয়ক হিলাল ফয়েজী, সমিরন সরকার, রুবেল খান, শিল্পী ইমরুল চৌধুরী, ইদ্রিস আলী, ডুমুরিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নূরুল ইসলাম মানিক, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম মহিউদ্দীন, উপজেলা সমাজসেবা অফিসার সুব্রত কুমার রায়, চুকনগর ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মনিরুল ইসলাম ব্রাউন, আটলিয়া ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন, সিনিয়র সাংবাদিক কবি ইব্রাহিম রেজা, শেখ সেলিম আক্তার স্বপন, প্রভাষক আমজাদ হোসেন প্রমুখ।
এদিকে খুলনা-৫ আসনের সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. গাজী আবদুল হকের পক্ষে ডুমুরিয়া উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বধ্যভূমি স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন। এ সময় উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হবি, উপজেলা যুবদলের আহবায়ক প্রভাষক মঞ্জুর রশিদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক ফয়সাল চৌধুরী, মাহবুবুর রহমান, আমিনুর রহমান, শাহাজাহান, আইয়ুব মাহমুদ, আবুল কালাম, জাহিদ হাসান, আব্দুল কাদের, আলেক সরদার, রিপন শেখ, হুমায়ুন কবির, আবু হাসান, এজাজ আহমেদ, শাহরিয়ার রহমান নাঈম, অলিয়ার রহমান মনা প্রমুখ।