চসিক নির্বাচনে প্রতীক পেলেন মেয়র প্রার্থীরা, প্রচার শুরু

0

লোকসমাজ ডেস্ক ॥ চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী মেয়র প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। এছাড়া সাধারণ ও সংরক্ষিত আসনের কাউন্সিলরদের মাঝে প্রতীক বরাদ্দ চলমান আছে। প্রতীক পাওয়ার পর তারা নিজ নিজ এলাকায় গিয়ে নির্বাচনী প্রচার শুরু করতে পারবেন। সোমবার (৯ মার্চ) বেলা ১১টার দিকে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রতীক বরাদ্দ দেন নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মদ হাসানুজ্জামান।
স্থানীয় সরকার (সিটি) নির্বাচন বিধিমালা ২০১০ এর বিধি ১৯(১)(ক) ও তফসিল অনুযায়ী মেয়র প্রার্থীদের নিজ নিজ প্রতীক বরাদ্দ দেয়া হয়। এবারের নির্বাচনে কোনো স্বতন্ত্র প্রার্থী না থাকায় ছয় মেয়র প্রার্থীর সবাই তাদের দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করছেন। আওয়ামী লীগের রেজাউল করিম চৌধুরী পেয়েছেন নৌকা প্রতীক এবং বিএনপির ডা. শাহাদাত হোসেন পেয়েছেন ধানের শীষ প্রতীক, বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের এম এ মতিন পেয়েছেন মোমবাতি প্রতীক, ন্যাশনাল পিপলস পার্টির আবুল মনজুর পেয়েছেন আম প্রতীক, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের ওয়াহেদ মুরাদ পেয়েছেন চেয়ার প্রতীক, ইসলামি আন্দোলন বাংলাদেশের জান্নাতুল ইসলাম পেয়েছেন হাতপাখা প্রতীক।
প্রতীক পাওয়ার পর আওয়ামী লীগ প্রার্থী রেজাউল করিম চৌধুরী ও বিএনপির প্রার্থী ডা. শাহাদাত হোসেন জাগো নিউজকে জানান, তারা দুজনই হযরত শাহ আমানতের মাজার জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করবেন। দুপুরের পরই নগরের কোতয়ালী, বক্সির হাট, আন্দরকিল্লাসহ আশপাশের এলাকায় প্রচারণা চালাবেন তারা। মেয়রদের হাতে প্রতীক বরাদ্দ দেয়ার আগে রিটার্নিং অফিসার মুহাম্মদ হাসানুজ্জামান বলেন, ‘আপনারা এখান থেকে প্রতীক নিয়ে মিছিল কিংবা শোডাউন করতে পারবেন না। করলে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আপনাদের আইনের আওতায় আনবেন। তবে নির্বাচনী এলাকায় গিয়ে প্রচার চালাতে পারবেন।’ তিনি আরও বলেন, ‘দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত মাইকে আপনারা প্রচার করতে পারবেন। এই নির্দিষ্ট সময়ের আগে ও পরে মাইক বাজালে বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়াসহ প্রার্থিতা বাতিলের জন্য আমরা নির্বাচন কমিশনকে সুপারিশ করব।’