ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্প, নিহত বেড়ে ২৩৫; ধ্বংসস্তূপে আটকা শ শ মানুষ

লা গুয়াইরা অঞ্চলে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি, আন্তর্জাতিক সহায়তায় জোরদার উদ্ধার অভিযান

0
ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্প
ভূমিকম্পে আহত এক ব্যক্তিকে চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। কারাকাস, ২৪ জুন ২০২৬। ছবি: এপি।

আন্তর্জাতিক ডেস্ক, লোকসমাজ : দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫ জনে পৌঁছেছে। আহত হয়েছেন অন্তত ৪ হাজার ৩০০ জন। দেশটির উত্তর উপকূলীয় লা গুয়াইরা অঞ্চলে সবচেয়ে বেশি প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। ধ্বংসস্তূপের নিচে এখনও শত শত মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি ভূমিকম্পের আঘাতে বহু আবাসিক ভবন, হোটেল ও গুরুত্বপূর্ণ স্থাপনা ধসে পড়েছে। পরিস্থিতির ভয়াবহতায় সরকার জরুরি অবস্থা ঘোষণা করেছে এবং আন্তর্জাতিক সহায়তা গ্রহণ শুরু করেছে।
উদ্ধারকর্মীরা দিনরাত অভিযান চালিয়ে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের জীবিত উদ্ধারের চেষ্টা করছেন। স্থানীয় স্বেচ্ছাসেবক ও বাসিন্দারাও উদ্ধারকাজে অংশ নিয়েছেন। অনেকেই খালি হাতে কংক্রিট ও ইট-পাথরের স্তূপ সরিয়ে নিখোঁজ স্বজনদের খুঁজছেন।
সবচেয়ে ক্ষতিগ্রস্ত লা গুয়াইরা এলাকায় হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়েছে। ধসে পড়া একটি ভবনের ধ্বংসস্তূপের পাশে বসে আমপারো দেল জিউদিস নামের এক নারী আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে বলেন, তিনি বিশ্বাস করেন তার ছেলে এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা আছেন। তার ২৩ বছর বয়সী নাতি আলেসান্দ্রোও স্বেচ্ছাসেবকদের সঙ্গে উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন।
একসময় রাজধানী কারাকাসের বাসিন্দাদের জনপ্রিয় সমুদ্রবিলাস কেন্দ্র হিসেবে পরিচিত লা গুয়াইরা এখন পরিণত হয়েছে ধ্বংসস্তূপের নগরীতে। বহু বহুতল ভবন, সমুদ্রতীরবর্তী অ্যাপার্টমেন্ট ও হোটেল সম্পূর্ণ বা আংশিকভাবে ধসে পড়েছে। অনেক সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিভিন্ন এলাকায় বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়েছে।
এদিকে ভূমিকম্প-পরবর্তী উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সহায়তা করতে ভেনেজুয়ায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের মেরিন কর্পসের মেজর জেনারেল কেভিন জে. জ্যারার্ড। যুক্তরাষ্ট্রের সাউদার্ন কমান্ড জানিয়েছে, ভেনেজুয়ার অনুরোধে তারা ক্ষয়ক্ষতির মূল্যায়ন, ত্রাণ বিতরণ এবং উদ্ধার অভিযানে সহায়তা করবে। এ লক্ষ্যে সামরিক ও বেসামরিক উড়োজাহাজ ব্যবহার করা হবে।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে যুক্তরাষ্ট্র দ্রুত মানবিক সহায়তা কার্যক্রম শুরু করেছে।
আন্তর্জাতিক উদ্ধারকারী দল, মানবিক সংস্থা ও বিভিন্ন দেশ ইতোমধ্যে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। তবে উদ্ধারকর্মীরা বলছেন, ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ আটকা থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
ভেনেজুয়ার সাম্প্রতিক ইতিহাসে এটি সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পগুলোর একটি হিসেবে বিবেচিত হচ্ছে। উদ্ধার অভিযান অব্যাহত থাকায় পরিস্থিতি সম্পর্কে নতুন তথ্য প্রতিনিয়ত সামনে আসছে।