হেমন্ত সরকারের স্মরণসভায় বক্তারা সরকার স্বৈরাচারি কায়দায় দেশ চালাচ্ছে

0

 

স্টাফ রিপোর্টার ॥ যশোরে প্রখ্যাত কমিউনিস্ট নেতা হেমন্ত সরকারের স্মরণসভায় বক্তারা বলেছেন, বর্তমান শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার মুখে গণতন্ত্র ও উন্নয়নের কথা বলে স্বৈরাচারি কায়দায় দেশ পরিচালনা করে চলেছে। মহান স্বাধীনতার ৫১ বছর পরেও দেশে আধিপত্য ও সামরাজ্যবাদের খেলা চলছে। সাম্রজ্যবাদরাই সবকিছুর নিয়ন্ত্রক ও পরিচালক। তাই আধিপত্য ও সাম্রজ্যবাদীদের উচ্ছেদের সংগ্রাম হচ্ছে জাতীয় মুক্তি, স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম।
হেমন্ত সরকারের ২৪তম মৃত্যুবার্ষিকীতে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট যশোর জেলা শাখা বুধবার স্মরণসভার আয়োজন করে। দড়াটানা ভৈরব চত্বরে অনুষ্ঠিত সভায় বক্তারা আরও বলেন, ক্ষমতাসীনরা জাতীয় ও জনস্বার্থকে পদদলিত করে নিজেদের ও প্রভুদের স্বার্থ রক্ষায় ব্যস্ত। যে কারণে দেশের কৃষক, শ্রমিক ,মেহনতি জনতা আজ দুঃখ -দুর্দশায় জর্জরিত। নেতৃবৃন্দ বলেন,শোষিত,বঞ্চিত,কৃষক শ্রমিক জনতার মুক্তির লক্ষ্যে আধিপত্য ও সাম্রজ্যবাদীদের পাহারাদার স্বৈরাচারী এই সরকার ও রাষ্ট্র ব্যবস্থাকে উৎখাত করা ছাড়া কোন বিকল্প পথ নেই। জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের কেন্দ্রীয় সহসভাপতি তোজাম্মেল হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, কৃষক সংগ্রাম সমিতির কেন্দ্রীয় সভাপতি হাফিজুর রহমান, যুগ্ম-সম্পাদক তাপস বিশ্বাস,সদস্য সিদ্দিকুর রহমান,জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট যশোর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি আশুতোষ বিশ্বাস,ঝিনাইদহ জেলার সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, নড়াইল জেলা সভাপতি আক্তার হোসেন প্রমুখ।