গণতন্ত্র ফিরে না আসলে জনগণের কষ্টের প্রহর আরও লম্বা হবে- অনিন্দ্য ইসলাম অমিত

0

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, দেশে গণতন্ত্র ফিরে না আসলে জনগণ বিগত ১৬ বছর যে কষ্টের মধ্য দিয়ে অতিক্রম করেছে, সেই কষ্টের প্রহর আরও দীর্ঘ হবে। তাই যে কোনো মূল্যে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। গণতন্ত্র ফিরিয়ে আনার পূর্বশর্ত হলো ভোটের অধিকার বুঝে নেওয়া। কেউ আমাদের ভোটের অধিকার বুঝে দেবে না; নিজেদের ভোটের অধিকার নিজেদেরই বুঝে নিতে হবে।

সোমবার সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের বারীনগর মাধ্যমিক বিদ্যালয় মাঠে মহিলা দল আয়োজিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। দেশের বিরাজমান পরিস্থিতি পর্যালোচনা ও তৃণমূলে মহিলা দলকে শক্তিশালী করার লক্ষ্যে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, বিগত ১৬ বছর দেশে গণতন্ত্র ছিল না। জনগণের ভোট দেওয়ার প্রয়োজন হয়নি, তারপরও আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত ব্যক্তিরা জনপ্রতিনিধি হয়েছেন। বিএনপির নেতৃত্বে জনগণের সেই ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে মহিলারা বিভিন্নভাবে পুরুষের শক্তি জুগিয়েছেন।

তাই আগামীর বাংলাদেশ গঠনে পুরুষের সাথে আপনাদের (মহিলা) এগিয়ে আসতে হবে। কারণ দেশের জনসংখ্যার অর্ধেক নারী; তাই নারীর অংশগ্রহণ ব্যতীত কোনো দিন দেশ পুনর্গঠন সম্ভব নয়। বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশ পুনর্গঠনের কাজে নারীদের অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, দলের সাবেক সভাপতি মন্ডলীর সদস্য গোলাম রেজা দুলু, সাবেক সম্পাদক মন্ডলীর সদস্য ও যশোর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খান।

সমাবেশে সভাপতিত্ব করেন, ইউনিয়ন মহিলা দলের সভাপতি রোকেয়া বেগম। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহিলা দল নেত্রী নাজমা খাতুন, মিনু বেগম প্রমুখ। মহিলা সমাবেশ পরিচালনা করেন মহিলা দলনেত্রী সুফিয়া মাহমুদ রেখা।