‘রিফাইন্ড’ বা অন্য কোনো নামেও আওয়ামী লীগ কর্মসূচি পালন করতে পারবে না: তথ্য উপদেষ্টা

0
বাংলাদেশ সচিবালয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের রাজনৈতিক নিষেধাজ্ঞা ও মিডিয়া ট্র্যাকিং নিয়ে কথা বলছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।। ছবি: সংগৃহীত
আদালতের মাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ থাকা অবস্থায় ‘রিফাইন্ড’ (পরিশোধিত) বা অন্য কোনো পরিবর্তিত নামেও আওয়ামী লীগ কোনো রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।
আজ মঙ্গলবার (৩০ জুন, ২০২৬) সচিবালয়ে সরকারের সাম্প্রতিক বিভিন্ন কর্মকাণ্ড ও উন্নয়নচিত্র তুলে ধরতে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, “‘রিফাইন্ড আওয়ামী লীগ’ বা পরিশোধিত আওয়ামী লীগের একটি আলাপ ইদানীং মাঝে মাঝে বিভিন্ন জায়গায় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যাচ্ছে। তবে সরকারের স্পষ্ট অবস্থান হলো—আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কর্মসূচি যত দিন নিষিদ্ধ আছে, তত দিন তারা অন্য কোনো নামেও কার্যক্রম চালাতে পারবে না। সেটি ‘রিফাইন্ড’, ‘নতুন আওয়ামী লীগ’ কিংবা ‘তৃণমূল আওয়ামী লীগ’ যাই বলা হোক না কেন… আওয়ামী লীগ নাম বা তাদের কোনো শাখা কোনো কর্মসূচি পালন করতে পারবে না।”

সংবাদ সম্মেলনে গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারের বিষয়েও গণমাধ্যমকে সতর্ক করেন তথ্য উপদেষ্টা। তিনি বলেন, শেখ হাসিনার বক্তব্য ও অডিও-ভিডিও প্রচারে আদালতের সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বেশ কিছু গণমাধ্যম এই কাজটি করে যাচ্ছে। তার মানে হচ্ছে তারা আদালতের সরাসরি নির্দেশনা ও দেশের বিদ্যমান আইন মানছে না, এটি একটি বাস্তব সত্য।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ইতিমধ্যেই গণমাধ্যমগুলোর প্রতি আহ্বান জানিয়েছে এবং খুব দ্রুত আনুষ্ঠানিকভাবেও কঠোরভাবে জানানো হবে, যেন কোনো গণমাধ্যম এই কাজটি না করে। সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী বলে এখনই খুব কঠোর কোনো প্রশাসনিক অবস্থান নিচ্ছে না, তবে এটি স্মরণ করিয়ে দিতে চায় যে, দেশের সমস্ত গণমাধ্যম যেন আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে।

উপদেষ্টা আরও জানান, দেশে অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করতে সরকার অত্যন্ত আন্তরিক এবং খুব দ্রুত নতুন ‘তথ্য কমিশন’ গঠন করা হবে।

সংবাদ সম্মেলনে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এবং প্রধানমন্ত্রীর আসন্ন চীন সফরসহ সরকারের সাম্প্রতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ কূটনৈতিক ও অভ্যন্তরীণ কর্মকাণ্ডের চিত্র তুলে ধরেন তিনি। সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) সৈয়দ আবদাল আহমদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রিয়াসাত আল ওয়াসিফ।