খুলনায় ৫ অপহরণকারী গ্রেফতার অপহৃত ব্যবসায়ী উদ্ধার

0

 

খুলনা ব্যুরো॥ খুলনার হরিণটানা এলাকা থেকে ৫ অপহরণকারীকে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় অপহৃত ধনাঢ্য ব্যবসায়ী মোঃ নিরু মোল্লাকেও (৫০) উদ্ধার করা হয়। তিনি গোপালগঞ্জ সদর বিজয়পাশা এলাকার বাসিন্দা, তার একটি ফিলিং স্টেশন ও দুইটি ব্রিকস ফিল্ড রয়েছে।
র‌্যাব জানায়, গত (২ আগষ্ট) খুলনা কেডিএ ময়ূরি আবাসিক প্রকল্পের মেইন গেটের সামনে সোনাডাঙ্গা বাইপাস মহাসড়ক থেকে তাকে অপহরণ করে ১০ জনের একটি সন্ত্রাসী দল। এরপর বিষয়টি র‌্যাব জানতে পেরে ওই দিন বিকালে অভিযান পরিচালনা করে ভিকটিম সহ পাঁচ অপহরণকারীদের গ্রেফতার করে।
অপহরণকারীরা হচ্ছে, গোপালগঞ্জের মৃত ফিরোজ আলী শেখের ছেলে রাজু শেখ (২৫), নড়াইলের নড়াগাতি এলাকার মোঃ হাবিবুর রহমান মোল্লার ছেলে সাইফুল ইসলাম মোল্লা (৩০) ও মোঃ শহিদুল ইসলামের ছেলে মোঃ হোজাইফা আল বারী (২৮), খুলনার দৌলতপুর এলাকার মৃত মোতালেব বেগের ছেলে মোঃ রানা বেগ (৩০) ও লবণচরা এলাকার মোঃ আবু দাউদ মৌলঙ্গীর ছেলে মোঃ রাসেল মৌলঙ্গী (২৮)।
র‌্যাব জানায়, গত ২ আগস্ট সকাল সাড়ে ছয়টায় ভিকটিম নিজ বাড়ি গোপালগঞ্জ থেকে ব্যক্তিগত মাইক্রোবাসে ব্যবসায়িক কাজে খুলনার উদ্দেশ্যে রওনা করেন। সকাল সাড়ে সাতটায় খুলনা কেডিএ ময়ূরি আবাসিক প্রকল্পের মেইন গেটের সামনে সোনাডাঙ্গা বাইপাস মহাসড়ক পৌছামাত্র ৮/১০ জন সন্ত্রাসী মোটরসাইকেলে করে এসে গাড়িটিকে ফিল্মি স্টাইলে থামায়। অপহরণকারীরা জোরপূর্বক গাড়ির দরজা খুলে গাড়িতে উঠে ভিকটিমকে শারীরিক ও মানসিক নির্যাতন করে জীবননাশের হুমকি দিয়ে অপহরণ করে চোখ বেঁধে খুলনার বিভিন্ন স্থানে নিয়ে ঘোরাঘুরি করে।
অপহরণকারীরা ভিকটিমের কাছে ৫ কোটি টাকা মুক্তিপণ দাবি করে। মৃত্যুর ভয়ে ভিকটিম প্রাথমিকভাবে অপরহরণকারীদেরকে ৫০ লাখ টাকা দিতে রাজি হন। এ সময় অপহরণকারীরা একটি ব্যাংক অ্যাকাউন্টে (এসএম শামসুজ্জামান, হিসাব নং-০২০০০০৩২৫১১৬৭ অগ্রণী ব্যাংক গোয়ালপাড়া গ্রাম, খুলনা শাখায়) টাকা পাঠিয়ে দিতে বলে। তখন ভিকটিম নিরু মোল্লা তার ফিলিং স্টেশনের ম্যানেজার মাফিকুলকে ফোন দিয়ে ৫০ লাখ টাকা পাঠিয়ে দিতে বলেন। ভিকটিমের স্ত্রী ও বড় ভাই সিরাজ মোল্লা তাৎক্ষণিক ঘটনাটি র‌্যাব-৬ এ অবহিত করেন।
ঘটনার পর থেকে আসামিদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-৬ (স্পেশাল কোম্পানি) এর একটি আভিযানিক দল ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৬ গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারে যে, অপহরণকারীরা কেএমপি খুলনার হরিণটানার গুটুদিয়া আল আকসা নগর এলাকায় অবস্থান করছে। তথ্যের ভিত্তিতে (২ আগষ্ট) বিকাল সাড়ে ছয়টার সময় আভিযান চালিয়ে র‌্যাবের একটি দল হরিণটানার ৩ নং গুটুদিয়া আল আকসা নগর এলাকা থেকে ভিকটিম মোঃ নিরু মোল্লাকে উদ্ধার করে ও পাঁচ আসামিকে গ্রেফতার করে।
আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে তারা জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। তাদেকে হরিণটানা থানায় হস্তান্তর করা হয়েছে।