খুলনায় স্কুলড্রেস কেনার ধুম

0

খুলনা সংবাদদাতা॥ প্রায় ১৮ মাস। নিকট অতীতে এতো দীর্ঘ সময় বন্ধ হয়নি স্কুল-কলেজ। দেশের ইতিহাসেও এতো দীর্ঘ সময় স্কুল-কলেজ বন্ধ হওয়ার নজির নেই। কিন্তু করোনা মহামারির কারণে গত বছরের ১৭ মার্চ থেকে বন্ধ করে দেওয়া হয় সব শিক্ষাপ্রতিষ্ঠান। এবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ঘোষণায় ছাত্রছাত্রীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ। স্কুল-কলেজগুলোতে চলছে ধোয়া-মোছার কাজ। দীর্ঘদিন স্কুলে না যাওয়ায় ছাত্রছাত্রীদের পোশাক ছোট হয়ে গেছে। জুতাও নেই আগের জায়গায়। তাই স্কুল খোলার আগে ছাত্রছাত্রীরা পোশাক নিয়ে বেকায়দায়। বাধ্য হয়ে ছুটছে পোশাকের বাজারে। খুলনার রেলওয়ে মার্কেটে রয়েছে ছাত্রছাত্রীদের পোশাকের বেশকিছু দোকান। সে দোকানগুলোতে এখন ছাত্রছাত্রী আর অভিভাবকদের ভিড়ে জমজমাট। এখানে স্কুলের পোশাক কিনতে আসা তাসলিমা জামান জানান, তার ছেলে নগরীর সেন্ট জোসেফ স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র। স্কুল বন্ধ থাকায় এতো দিন পরতে হয়নি পোশাক। তাই পোশাকের তেমন খোঁজ নেয়া হয়নি। স্কুল খুলছে তাই পোশাক হাতে নিয়েই দেখা গেছে তা আর গায়ে দেয়া যাচ্ছে না। শুধু পোশাকের দোকানেই নয়, জুতার দোকানেও রয়েছে ভিড়। অনেককেই ছুটতে দেখা গেছে এক দোকান থেকে অন্য দোকানে। খুলনা মহানগরীর টুটপাড়া বয়েজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুনির উদ্দিন জানান, করোনার কারণে ছাত্রছাত্রীদের পাঠদান বন্ধ থাকলেও শিক্ষক-শিক্ষিকাদের আসতে হয়েছে স্কুলে। কিন্তু চলতি বছরের প্রথমে ভর্তি করা হয়েছে ছাত্রছাত্রী। তারা আজ অবধি ক্লাসে এসে পাঠ নিতে পারেনি। আবার মুখরিত হয়ে উঠবে স্কুল।