খুলনার পথেরবাজার সার্জিক্যাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযোগ

0

জামাল হোসেন,খুলনা॥ কোথাও প্রশাসনের উদাসীনতা আবার কোথাও পরস্পর যোগসাজশ-এভাবেই চলছে খুলনার দিঘলিয়ার পথের বাজার সার্জিক্যাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার। স্বাস্থ্যসেবার নামে চলছে অমানবিক চিকিৎসা বাণিজ্য।
ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের নেই নিজস্ব কোনো চিকিৎসক। অথচ ক্লিনিকে একাধিক চিকিৎসকের নাম ব্যবহার করে বোর্ড ঝুলিয়ে রাখা হয়েছে। ডাক্তারের জাল স্বাক্ষর ও সিল ব্যবহার করে বিভিন্ন পরীক্ষার রিপোর্ট দেন সেখানকার ম্যানেজিং ডিরেক্টর কাম ম্যানেজার। এমনকি তিনি নিজেই চিকিৎসক সেজে চিকিৎসা দেন বলেও অভিযোগ রয়েছে। সব কাজের কাজিই হলেন এস কে নূর মোহাম্মদ।
এদিকে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে গঠিত তদন্ত কমিটি অভিযোগের সত্যতা পেলেও শুধুমাত্র ‘সতর্ক’ করার নামে নেওয়া হয়নি কোন পদক্ষেপ, বরং অকারণে করা হচ্ছে সময়ক্ষেপন।
অপরদিকে সরকারি নিয়ম-নীতির তোয়াক্কা না করে বছরের পর বছর ধরে চলে আসছে পথের বাজার সার্জিক্যাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারটি। অনুমোদন না নিয়েই অবৈধভাবে ক্লিনিক কার্যক্রম পরিচালনা করলেও সেই তথ্য নেই খোদ খুলনার সিভিল সার্জন অফিসে।
কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ না নেওয়ায় অবৈধ ক্লিনিকে সেবার নামে ধোঁকা খাচ্ছে চিকিৎসা নিতে আসা ভুক্তভোগীরা। ভুল চিকিৎসার শিকার হচ্ছেন রোগীরা। চিকিৎসা নিয়ে সুস্থ হতে গিয়ে উল্টো বিপদে পড়ছে রোগীরা।
অভিযোগ রয়েছে, রোগীদের সিজারিয়ানসহ নানা ধরনের অপারেশন করা হচ্ছে ক্লিনিকে ভাড়া (অন-কল) করা চিকিৎসক দিয়ে। শুধু অস্ত্রোপচার করিয়ে নিয়ে বাকি কাজ ওই প্রতিষ্ঠানের কর্মচারীরাই করেন। অথচ ক্লিনিকের সামনে একাধিক বিশেষজ্ঞ ডাক্তারের নাম ব্যবহার করে সাইন বোর্ড ঝুলিয়ে রাখা আছে। যার বেশির ভাগ চিকিৎসক ক্লিনিকে আসে না।
চিকিৎসকের পিতার সাধারণ ডায়েরি
খুলনা মহানগরীর সোনাডাঙ্গাস্থ শের-এ-বাংলা রোড এলাকার বাসিন্দা ডা. শাবনাজ সারোয়ারের পক্ষে তার পিতা মো. গোলাম সরোয়ার বিশ্বাস কর্তৃক গত বছরের ৬ ডিসেম্বর দিঘলিয়া খানায় করা সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়, তার কন্যা ডা. শাবনাজ সারোয়ার দিঘলিয়ার পথের বাজার সার্জিক্যাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে অস্থায়ী (অন কল)আলট্রাসনোলজিস্ট হিসেবে কর্মরত ছিলেন। তিনি ৮ মাস আগে ওই ক্লিনিক থেকে অব্যাহতি নেন। পরবর্তীতে ৬ এপ্রিল মেয়ে (ডা. শাবনাজ সারোয়ার) এবং স্ত্রীকে নিয়ে তিনি ওমরা হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যান। সেখান থেকে ২৯ এপ্রিল দেশে ফেরেন। কিন্তু সৌদি থাকাকালীন ৯ এপ্রিল পথের বাজার সার্জিক্যাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষ তার কন্যা ডা. শাবনাজ সারোয়ারের নামে সিলসহ তার স্বাক্ষরিত একটি রিপোর্ট মিসেস তাছলিমা খানম নামক এক রোগীকে প্রদান করেন। অথচ ওই সময় তার কন্যা সৌদি-আরবে অবস্থান করায় রিপোর্টটি তিনি প্রদান করেন নি। রিপোর্টের প্রেক্ষিতে ভুক্তভোগী রোগী একটি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে লোহাগড়া থানা থকে তার কন্যাকে একটি নোটিশ দেওয়ায় ওই রিপোর্টের বিষয়টি তিনি জানতে পারেন।
সিভিল সার্জন বরাবর চিকিৎসকের অভিযোগ
অপরদিকে খুলনার সিভিল সার্জন বরাবর ২৮ এপ্রিল দাখিলকৃত অপর একটি লিখিত অভিযোগে নগরীর মুজগুন্নি আবাসিক এলাকার বাসিন্দা ডা. ফারজানা খানম উল্লেখ করেন, তিনি চলতি বছরের ১ ফেব্রুয়ারি থেকে পথের বাজার সার্জিক্যাল ক্লিনিক-এ কর্মরত ছিলেন। ওই সময় হাসপাতালের মালিক মো. রবির শ্যালক নূর মোহাম্মাদ ভারপ্রাপ্ত মালিক ছিলেন। এ সুবাদে তিনি তার (ডা. ফারজানা খানম) অনুমতি ছাড়াই নাম ব্যবহার করে ও স্বাক্ষর জাল করে একটি ভুল আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট তৈরি করেন। এরআগেও ডা. সাবনাজ সারোয়ার ও ডা. আব্দুল্লাহ আল মামুনের নামেও একাধিক আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট তৈরি করেন ক্লিনিক মালিক। এভাবে নাম ও স্বাক্ষর জালিয়াতি করে ভুল রিপোর্ট তৈরি করায় চিকিৎসক হিসেবে তিনি রোগীর লোকের কাছে হেনস্থার শিকার হন।
পথের বাজার সার্জিক্যাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক নুর মোহাম্মাদ এ প্রতিবেদককে বলেন, এখানে সব ধরনের টস্ট হয়। খুলনা সির্ভিল সার্জন অনুমোদন না দিলে আমরা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক চালাতে পারি না। আল্ট্রাসনোগ্রাম করার বিষয়টি অস্বীকার করে বলেন, হঠাৎ একদিন গর্ভবতী একজন রোগী আসছিলো, সেদিন ডাক্তার ছিল না- এ কারণে রোগীর হার্টবিট আমি মাপছিলাম। তবে তার হার্টবিট মাপার সঠিক নলেজ নেই বলেও স্বীকার করেন তিনি। ডা. শাবনাজ সারোয়ারের স্বাক্ষর জালিয়াতি করে একটা আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট করা হয়েছে বলেও স্বীকার করে প্রতিষ্ঠানটির পরিচালক নুর মোহাম্মাদ বলেন, তার ক্লিনিকের লাইসেন্স এখনও হাতে পাননি।
এ বিষয়ে খুলনা সির্ভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার শেখ সাদিয়া মনোয়ারা উষা এ প্রতিবেদককে বলেন, একটা অভিযোগের প্রেক্ষিতে পথের বাজার সার্জিক্যাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে গত ১৫ মে গিয়েছিলাম। বিষয়টি তদন্তনাধীন রয়েছে।
এ বিষয়ে খুলনার সিভিল সার্জন শেখ শফিকুল ইসলাম এ প্রতিবেদককে বলেন, পথেরবাজার সার্জিক্যাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযোগের প্রেক্ষিতে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত টিম করে দিয়েছিলাম। তারা ঘটনাস্থল তদন্ত করে রিপোর্ট আমার কাছে দাখিল করেছেন। যাতে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এ কারণে প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে প্রাথমিকভাবে সতর্ক করা হয়েছে।