ঝিকরগাছার বকুলিয়ার রাস্তায় হাঁটুপানি কাদা, চরম দুর্ভোগে শতাধিক পরিবার

0
ছবি: সংগৃহীত।

ঝিকরগাছা ও বাগআঁচড়া সংবাদদাতা ॥ যশোরের ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়নের বকুলিয়া গ্রামে চলাচলের একমাত্র প্রধান রাস্তাটিতে হাঁটুপানি ও কাদা জমে তা চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন ওই এলাকার উত্তরপাড়ার শতাধিক পরিবারের বাসিন্দা।

সরেজমিনে দেখা যায়, শংকরপুর/বকুলিয়া এলাকার উত্তরপাড়ার আনারুলের দোকান থেকে ডাক্তার মিজানুর রহমানের বাড়ি পর্যন্ত প্রায় ৭০০ ফুট রাস্তার সিংহভাগই খানাখন্দে ভরা। বর্ষার পানি জমে রাস্তার দুই প্রবেশমুখে তৈরি হয়েছে হাঁটুপানি ও থকথকে কাদা।

স্থানীয় অধিবাসীরা ক্ষোভ প্রকাশ করে জানান, অতীতে এই রাস্তার দুই প্রবেশমুখে ২০০ ফুট ইটের সলিং করা হয়েছিল। কিন্ত পরবর্তীতে সলিং দেবে যাওয়ায় প্রতি বর্ষায় এখানে পানি ও কাদা আটকে থাকে। ফলে বছরের প্রায় ৯ মাসই রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে। রাস্তাটির বেহাল দশার কারণে মাঠে উৎপাদিত ফসল ঘরে তোলা, কোমলমতি শিশুদের স্কুলে আনা-নেওয়াসহ দৈনন্দিন জরুরি প্রয়োজনে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের।

মহল্লাবাসীর পক্ষে ভুক্তভোগী কদর আলীসহ বাসিন্দারা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে জানান, বিগত কয়েক বছর ধরে তারা অবর্ণনীয় কষ্ট সহ্য করে যাতায়াত করছেন।

এ বিষয়ে শংকরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোবিন্দ চ্যাটার্জি জানান, রাস্তাটি দ্রুত নতুন করে সংস্কার ও চলাচলের উপযোগী করার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হয়েছে। দ্রুতই সমস্যা সমাধানের আশা করছেন তিনি।