খালের মুখ বন্ধ করে মাছ চাষে লাখো হেক্টর জমির ফসলহানির শংকা

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ॥ ঝিনাইদহ সদর উপজেলার নাথকুন্ডু গ্রামে কাটার খাল এখন কৃষকদের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। খালের মুখ বন্ধ করে ওই গ্রামে সহোদর লিয়াকত আলী খা ও আলাল খা মাছ চাষ করায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী। খালটি উন্মুক্ত করে স্বাভাবিক পানি প্রবাহ তৈরি করতে জেলা প্রশাসনসহ উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী গ্রামবাসী।
সদর উপজেলার সাধুহাটী বিএডিসি ফার্ম, সাধুহাটি, নাথকু মামুনশিয়া, রাঙ্গিয়ারপোতা, মাগুরাপাড়া, পোতাহাটি, বংকিরা, জিবনাসহ প্রায় ২০টি গ্রামের পানি প্রবাহিত হত কাটার খাল দিয়ে। হঠাত করেই ওই খালের ওপর নজর পড়ে নাথকুন্ডুু গ্রামের প্রভাবশালী লিয়াকত আলী খা ও আলাল খা নামের দুই ভাইয়ের। তারা খালের মুখ বন্ধ করে পুকুর খনন করে মাছ চাষ শুরু করেন। এতেকরে খালের পানিপ্রবাহ একেবারেই বন্ধ হয়ে তৈরি হয় পানিবদ্ধতা। এর কারণে কৃষকেরা তাদের ফসলি জমিতে চাষাবাদ করতে পারছে না।
নাথকুন্ডু গ্রামের কৃষক সিরাজুল ইসলাম, আব্দুল মান্না মোল্লা ও বংকিরা গ্রামের সবুজ বিশ্বাস জানান, খালের মুখ বন্ধ করে রাখার কারণে ২০ গ্রামের কৃষি জমিতে পানিবদ্ধতা সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই জমিতে পনি জমে থাকছে। ফলে আমন মৌসুমের আবাদ হুমকির মুখে পড়েছে। বিষয়টি নিয়ে সাধুহাটী ইউনিয়নের চেয়ারম্যান কাজী নাজির উদ্দীন খালের মুখ বন্ধ করার খবর নিশ্চত করে জানান, উপজেলা প্রশাসনকে বিষয়টি অবহিত করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। এ জন্য তিনি সরেজমিন তদন্ত করবেন। তিনি বলেন, খালের মুখ খুলে না দিলে কৃষকরা চরমভাবে বিপদগ্রস্ত হবেন।
এ ব্যাপারে ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া জেরিন জানান, খালের মুখ বন্ধ করার বিষয়টি তার জানা নেই। তিনি খবর নিয়ে ব্যবস্থা গ্রহণ করবেন।