রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রর চুরির মালামালসহ আটক-৪

0

 

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা॥ রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে থেকে চুরি করা অ্যালুমিনিয়াম প্লেইন সিট, অ্যালুমিনিয়াম বার ও তারসহ ৪ চোরকে গ্রেফতার করেছে র‌্যাব-৬ । বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় খুলনা র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
র‌্যাব-৬ জানায়, গত ৯ আগস্ট মঙ্গলবার রাতে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের ভেল কোম্পানির নিয়ন্ত্রণাধীন গানাত্রা হেভি লিফটারস কোম্পানির ইলেকট্রিক ক্যাবল ড্রাম হতে প্রায় ৫০০ কেজি অ্যালুমিনিয়াম প্লেইন সিট চুরি হয়। এর আনুমানিক বাজার মূল্য দুইলাখ টাকা। এছাড়াও ১০ আগস্ট রাতে একই কোম্পানির ইলেকট্রিক ক্যাবল ড্রাম হতে ইলেকট্রিক সামগ্রী চুরি হয়। এ ঘটনায় গানাত্রা হেভি লিফটারস কোম্পানির সাইট ইনচার্জ র‌্যাব অধিনায়ক বরাবর অভিযোগ দায়ের করেন। এরপর গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ১১টায় বাগেরহাটের ফকিরহাট কাটাখালী মোড় এলাকায় র‌্যাবের অভিযান পরিচালিত হয়। এসময় বাগেরহাট সদরের মো. রাসেল (৩৮)কে গ্রেফতার করে। অভিযানে উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামির হেফাজত হতে চুরি হওয়া ৪৬৫ কেজি অ্যালুমিনিয়াম প্লেইন সিট উদ্ধার করা হয়। পরে বৃহস্পতিবার সকাল ৯ টায় আভিযানিক দল পুনরায় একই এলাকায় অভিযান পরিচালনা করে রামপাল উপজেলার মো. আসাদ শেখ (৩২), মো. সোহেল শেখ (২১) এবং মোংলা উপজেলার সুব্রত রায় (২১) কে গ্রেফতার করে। এ সময় তাদের তল্লাশি করে চোরাইকৃত মালামাল কপার ফ্লাট, ১১ কেজি কপার ক্যাবল এবং ২টি কপার কন্ডাকটার জব্দ করে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে গানাত্রা হেভি লিফটারস কোম্পানির সাইট ইনচার্জ র‌্যাবের সহযোগিতায় বাদী হয়ে রামপাল থানায় একটি মামলা রুজুর কাজ প্রক্রিয়াধীন রয়েছে।