খালেদা জিয়ার সাক্ষাৎ চেয়ে বিএনপি’র দুই মেয়র প্রার্থীর চিঠি

0

লোকসমাজ ডেস্ক ॥ বিএনপি চেয়ারপারসন কারাবন্দী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ চেয়ে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি থেকে মনোনয়নপ্রাপ্ত দুই মেয়র প্রার্থী কারা কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে আটটায় কারা কর্তৃপক্ষের কাছে চিঠি দেন উত্তরের মেয়র প্রার্থী তাবিথ আউয়াল ও দক্ষিণের প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। বিষয়টি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান। শায়রুল কবির খান বলেন, বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে দলের দুই মেয়র প্রার্থী কারা কর্তৃপক্ষের চিঠি দিয়েছেন। তারা খুব শিগগিরই ম্যাডামের সাথে দেখা করতে চাচ্ছেন। আশা করছি কারা কর্তৃপক্ষ তাদের অনুমতি দেবেন। উল্লেখ্য গত রোববার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন কারাবন্দি বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন তার পরিবারের সদস্যরা। সাক্ষাৎ শেষে এসে খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থার আরো অবনতি হয়েছে বলে জানিয়েছেন তার বোন সেলিমা ইসলাম।