যশোরে হেরোইনের মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার ॥ যশোরে হেরোইনের একটি মামলায় টিটো নামে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড প্রদান করেছে আদালত। একই সাথে তাকে ৫ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ১ মাসের কারাদন্ডের আদেশ দেওয়া হয়েছে।

সোমবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক আইরিন পারভীন এই রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত আসামি টিটো যশোর চাঁচড়া চেকপোস্ট এলাকার মৃত শফিউদ্দিনের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ১৩ মে র‌্যাবের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে চাঁচড়া চেকপোস্ট এলাকায় টিটোর বাড়িতে অভিযান চালায়। এ সময় র‌্যাব সদস্যরা টিটোকে আটক করেন। পরে তার ঘরে তল্লাশি চালিয়ে ১শ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

এ ঘটনায় র‌্যাবের ডিএডি আব্দুর রহমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতয়ালি থানায় মামলা করেন। এরপর মামলার তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা থানার তৎকালীন এসআই তাসলিমা খাতুন।

ওই মামলায় আসামি টিটোর বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালতের বিচারক তাকে উল্লিখিত সাজা প্রদান করেন।