ইউপি নির্বাচন সাত ধাপে করার পরিকল্পনা ইসির

0
দেশজুড়ে সাত ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। ইসির তথ্য অনুযায়ী, আগামী ১২ নভেম্বর প্রথম ধাপের সম্ভাব্য ভোট অনুষ্ঠিত হবে এবং আগামী বছরের মে মাসে শেষ হবে নির্বাচন।। ছবি: সংগৃহীত

দেশের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সাতটি ধাপে সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশন নির্ধারিত খসড়া অনুযায়ী, প্রথম ধাপের নির্বাচনের সম্ভাব্য তারিখ ধরা হয়েছে আগামী ১২ নভেম্বর।

আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ এই পরিকল্পনার কথা নিশ্চিত করেন।

নির্বাচন কমিশনারের দেওয়া তথ্য অনুযায়ী, প্রথম ধাপের পর দ্বিতীয় ধাপের সম্ভাব্য ভোটগ্রহণের তারিখ ১৩ ডিসেম্বর, তৃতীয় ধাপ ৩০ ডিসেম্বর, চতুর্থ ধাপ ১৭ জানুয়ারি, পঞ্চম ধাপ ৪ ফেব্রুয়ারি, ষষ্ঠ ধাপ ২২ এপ্রিল এবং সর্বশেষ সপ্তম ধাপের ভোটগ্রহণের সম্ভাব্য তারিখ ২৭ মে নির্ধারণ করা হয়েছে।

এর আগে চলতি বছরের আগস্ট মাসে তফসিল ঘোষণা করে অক্টোবর থেকেই স্থানীয় সরকার নির্বাচন শুরু করার প্রাথমিক পরিকল্পনা নিয়েছিল কমিশন। এ ছাড়া গত জুন মাসে জাতীয় সংসদে সংসদ সদস্যের এক প্রশ্নের জবাবে তত্কালীন স্থানীয় সরকারমন্ত্রী জানিয়েছিলেন যে বর্ষা মৌসুম শেষে সেপ্টেম্বর বা অক্টোবর থেকে সারাদেশে পর্যায়ক্রমে ভোট শুরু হতে পারে। তবে ঘোষিত সময় অনুযায়ী সেই নির্বাচন শুরু করা সম্ভব হয়নি।

উল্লেখ্য, বর্তমানে স্থানীয় সরকারের পাঁচ ধরনের প্রতিষ্ঠান—ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পরিষদ ও সিটি করপোরেশনে নতুন নির্বাচন সম্পন্ন করতে হবে। ইসির গৃহীত বর্তমান পরিকল্পনা অনুযায়ী, এসব প্রতিষ্ঠানের মধ্যে শুরুতে ইউনিয়ন পরিষদের নির্বাচন দিয়ে মাঠ পর্যায়ের এই গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পন্ন করা হবে।