খাজুরা কলেজের ১০০ শিক্ষার্থীকে মাসিক বৃত্তি দেওয়ার ঘোষণা

0

খাজুরা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের খাজুরার মির্জাপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজে সংবর্ধনা দেওয়া হলো রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেডের চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী মহুলকে। রবিবার কলেজ পরিচালনা পরিষদের সভাপতি এমপি পতœী নিয়তী রানী রায়ের সভাপতিত্বে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের সংবর্ধিত অতিথি রেডিয়েন্টের চেয়ারম্যানের হাতে কলেজের পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন যশোর-৪ আসনের সংসদ সদস্য রনজিত কুমার রায়। সংবর্ধিত অতিথি কলেজটিতে ৫ কোটি টাকা ব্যয়ে চারতলা ভবন নির্মাণ ও ১০০ শিক্ষার্থীকে মাসিক বৃত্তি প্রদানের ঘোষণা দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক সমীর কুমার কুন্ডু ও হজ্জ এজেন্সি অ্যাসোসিয়েশন বাংলাদেশের সহ-সভাপতি আব্দুল কবীর খান জামান। ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ শেষে ২০১৯ সালে এইচএসসিতে কলেজের ৭জন কৃতী শিক্ষার্থীর হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। এর আগে সকাল ১০টায় কলেজের প্রতিষ্ঠাতা বন্দবিলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রয়াত ডা. আব্দুল বারী মন্ডলের বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়।