কয়রায় হামলা মামলার আসামিদের গ্রেফতার দাবি

0

কয়রা(খুলনা) সংবাদদাতা॥ খুলনার কয়রা উপজেলার লালুয়া বাগালি গ্রামে ইদ্রিস আলী ও তার পরিবারের সদস্যদের মারপিট করে জখম করার ঘটনায় মামলা হলেও গ্রেফতার নেই। আদালতের নির্দেশে কয়রা থানায় মামলা হওয়ার ১১ দিন অতিবাহিত হলেও আসামিদের সাথে সখ্য গড়ে পুলিশ নিরব রয়েছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন বাদী। আসামিদের দ্রুত গ্রেফতার করে ন্যায় বিচারের দাবিতে মঙ্গলবার কয়রা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন বাদী উপজেলার লালুয়া বাগালী গ্রামের আব্দুল হক সানার ছেলে ইদ্রিস আলী সানা।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমার পিতা কয়রা থানার লালুয়া মৌজায় রেকর্ডীয় ও চরের ৫৪ শতক জমিতে সীমানা নির্ধারণ করে ভোগ -দখল করে আসছেন। আসামিরা জমি জবর- দখল করতে আমাকে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে। সে কারণেই আমি কয়রা থানায় একটি সাধারণ ডায়েরি করি। থানায় ডায়েরি করায় আসামিরা আরও বেপরোয়া ও উত্তেজিত হয়ে ২৪ মার্চ সকাল ৯ টার দিকে দেশীয় অস্ত্র, দা, লোহার রড, লোহার শাবল, লাঠিসোঠা নিয়ে আমাদের বাড়ির সামনে আসে। এসে আমার ও আমার পরিবারকে নিয়ে অশ্লীল ও খারাপ ভাষায় গালিগালাজ করতে থাকে। এ সময় মামুন আমাদের হত্যার হুকুম দেয় তার লোকদের। সাথে সাথে আব্দুর রাজ্জাকের হাতে থাকা লোহার রড দিয়ে আমার মাথায় আঘাত করে। আমার পিতা ঠেকাতে গেলে লোহার রড দিয়ে তার ওপরও হামলা করা হয়।
মামলা তদন্ত কর্মকর্তা কয়রা থানার উপপুলিশ পরিদর্শক প্রণয় মন্ডল বলেন, মামলার তদন্ত কাজ চলমান আছে। আসামিদের গ্রেফতারে কাজ চলছে ।