ক্ষণিকের সূর্যগ্রহণ দেখলো বাংলাদেশ

0

লোকসমাজ ডেস্ক॥ চলতি বছরের প্রথম বলয় গ্রাস সূর্যগ্রহণ হয়েছে গতকাল রবিবার। বাংলাদেশ থেকে এই গ্রহণ পূর্ণ দেখা না গেলেও বিশ্বের বহু দেশ থেকে ‘রিং অব ফায়ার’ দেখা গেছে। বাংলাদেশ থেকে আংশিক গ্রহণ দেখা যায়। বাংলাদেশে গ্রহণ শুরু হয়েছিল বেলা ১১টা ২৩ মিনিটে। কিন্তু মেঘের কারণে আকাশ পরিষ্কার না থাকায় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর কর্তৃপ খুব অল্প সময়ের জন্য এই গ্রহণ দেখতে পায়। বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের কিউরেটর (প্রযুক্তি) সুকল্যাণ বাছাড় বলেন, ‘এমনিতেই বাংলাদেশ থেকে রিং অব ফায়ার দেখা যাওয়ার কথা নয়। আংশিক গ্রহণ দেখা যাওয়ার কথা। বেলা ১১টা ২৩ মিনিটে বাংলাদেশে এই গ্রহণ শুরু হলেও মেঘের কারণে প্রথম দিকে একেবারেই দেখা যায়নি। ১২টার পর আমরা সোলার ফিল্টারের মাধ্যমে খুবই অল্প সময়ে দেখেছি।’ তিনি জানান, জাদুঘরের ছাদে সোলার ফিল্টার বসানো টেলিস্কোপের মাধ্যমে কয়েকজন কর্মকর্তা সূর্যগ্রহণ দেখেছেন। আগে তো আমরা ক্যাম্প করে সাধারণ মানুষদের দেখার ব্যবস্থা করে দিতাম। আমাদের মন্ত্রী ইয়াফেস ওসমান আসতেন। করোনার কারণে এবার সব কর্মসূচি বাতিল করা হয়েছে।