কোটচাঁদপুরে অপহৃত কিশোরীর এক মাসেও সন্ধান মেলেনি

0

 

কোটচাঁদপুর (ঝিনাইদহ) সংবাদদাতা॥ এক মাস অতিবাহিত হলেও কিশোরী প্রেমা রানী দাসকে উদ্ধার করতে পারেনি ঝিনাইদহের কোটচাঁদপুর থানা পুলিশ। অভিযোগ ১৫ বছর বয়সী প্রেমা রাণী দাসকে ফুসলিয়ে অপহরণ করেছেন যশোর জেলার শার্শার ছেলে ১ সন্তানের জনক ইকরামুল। একমাত্র মেয়েকে হারিয়ে বাবা-মা এখন পাগল প্রায়। মেয়েকে ফিরে পেতে অসহায় গরীব পিতা-মাতা প্রায় ১টি মাস ঘুরছেন পুলিশ, রাজনৈতিক নেতা ও সাংবাদিকদের দুয়ারে দুয়ারে। কিন্তু কিশোরী প্রেমা রানীর সন্ধান এখনো মেলেনি। তাই মা রমা দাশের এখন প্রতিটি রাত কাটছে কান্না আহাজারিতে।
কোটচাঁদপুর উপজেলার ভবানিপুর গ্রামের প্রেমা রানী’র পিতা প্রশান্ত কুমার দাস অভিযোগ করেন- ভবানীপুর গ্রামের একটি ফার্নিচার কারখানায় কাজ করত যশোরের শার্শা থানার উলসী ডাঙ্গা মাঠাপাড়া গ্রামের একতার খাঁ’র ছেলে একরামুল ওরফে রাফি। বেশ কিছু দিন যাবত স্কুলে যাওয়া আসার পথে প্রেমা রানীকে উত্যক্ত করে আসছিলেন একরামুল । বিষয়টি প্রেমা রানী বাড়িতে জানানোর পর তার পরিবারের পক্ষ থেকে একরামুলকে এমন কাজ আর না করার জন্য সতর্ক করে দেয়া হয়। তখন উপায় না পেয়ে প্রেমা রানীদের প্রতিবেশী বিদ্যুত হোসেনের স্ত্রী ডলি খাতুনের মাধ্যমে একরামুল কিশোরী প্রেমা রানীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এক পর্যায়ে প্রেমা রানীর পরিবার কিছু বুঝে ওঠার আগেই গত ২১ আগস্ট সকাল সাড়ে ৬টার দিকে প্রেমা রানীকে নিয়ে একরামুল নিরুদ্দেশ হয়ে যায়।
প্রেমা রানীর পিতা বলেন- তার এক মাত্র মেয়ে প্রেমা রাণী । সে কোটচাঁদপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী। প্রেমা রানী প্রাইভেট পড়ার জন্য বের হয়ে গ্রামের জামে মসজিদের নিকট আসলেই একরামুল সেখান থেকে প্রেমা রানীকে ফুসলিয়ে মাইক্রো বাসে তুলে নেন। ওই মাইক্রেবাসে প্রতিবেশী ডলি খাতুন এবং অজ্ঞাত আরো ১/২ জন ছিলেন।
এদিকে মামলার বাদী প্রশান্ত দাস তার কিশোরী মেয়ে উদ্ধারে পুলিশের গাফিলতির অভিযোগ তুলে বলেন- বেশ কিছুদিন হয়ে গেল আমার মেয়েকে উদ্ধারে তাদের কোন ভূমিকা দেখছিনা। আমার একমাত্র মেয়ে প্রেমা। আমি এখন কি করবো, কোথায় যাব ভেবে পাচ্ছিনা।
বিষয়টি নিয়ে মামলার তদন্তকারী অফিসার এস আই নাজিবুল হক বলেন- আমরা মোবাইল ট্রাকিং-এর মাধ্যমে আসামিদের অবস্থান জানার চেষ্টা করছি। কিন্তুু তাদের মোবাইল বন্ধ থাকায় উদ্ধারে বিলম্ব হচ্ছে। তবে উদ্ধারের চেষ্টায় আছি।