কেশবপুরে স্কুলছাত্রীর উত্ত্যক্তকারী যুবকের কারাদণ্ড

0

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) ॥ কেশবপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্তের অপরাধে ভ্রাম্যমাণ আদালত ফারুক হোসেন (৩৩) নামে এক যুবককে এক মাসের কারাদণ্ড দিয়েছেন। বুধবার সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুজ্জামান ভ্রাম্যমাণ আদালতে এ কারাদণ্ডাদেশ দেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার মধ্যকুল গ্রামের মৃত ইয়াকুব সরদারের ছেলে ফারুক হোসেন স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রীর ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে উত্ত্যক্ত করাসহ নানা কুরুচিপূর্ণ কথা বলে আসছিল। ওই মেয়ের পরিবারের পক্ষ থেকে বিষয়টি প্রশাসনকে জানানো হয়। গতকাল বুধবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুজ্জামান ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই যুবককে আটক করে স্কুলছাত্রীকে উত্ত্যক্তের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। পরে তাকে কেশবপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান বলেন, ওই যুবককে যশোরে কারাগারে পাঠানো হয়েছে।