কেশবপুরে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, ধসে পড়ার আশঙ্কা

0
ছবি: সংগৃহীত।

জয়দেব চক্রবর্তী, কেশবপুর (যশোর) ॥ শিক্ষক,কর্মচারী ও কক্ষ সংকটে কেশবপুর উপজেলার মহাদেবপুর রেজাকাটী বগা সেনপুর মাধ্যমিক বিদ্যালয়ের পাঠদান ব্যাহত হচ্ছে।

বিদ্যালয়ের অফিস সূত্রে জানা গেছে, উপজেলার হাসানপুর ইউনিয়নের মহাদেবপুর গ্রামে ১৯৮৫ মহাদেবপুর রেজাকাটী বগা সেনপুর মাধ্যমিক বিদ্যালয়টি স্থাপিত হয়। ১৯৮৬ সালে বিদ্যালয়টি এমপিওভুক্ত হয়ে সুনামের সাথে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত বিদ্যালয়টিতে ১০ জন শিক্ষক রয়েছেন। প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার সময় ৩ রুম বিশিষ্ট একটি ভবন নির্মাণ করা হয়।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সঞ্জীব কুমার যাঞ্জীক জানান, অর্থাভাবে পুনঃসংস্কার না হওয়ায় প্রতিষ্ঠানটির পুরাতন ছাদের ভবনটির দেয়াল ও ছাদের কয়েক জায়গা থেকে ধসে পড়েছে। টিনের ছাউনির রুমগুলোর টিন নষ্ট হয়ে গেছে। দেয়ালে ফাটল দেখা দিয়েছে।

এ কারণে সামান্য বৃষ্টিতে ছাদ দিয়ে পানি পড়ায় প্রয়োজনীয় কাগজপত্র, মূল্যবান বই, আসবাবপত্র ক্ষতি হয়। এ ছাড়া শিক্ষক , কর্মচারী ও কক্ষ সংকটসহ নানা কারণে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে। এ ব্যাপারে প্রতিকার চেয়ে সংশ্লিষ্ট দপ্তরের উধ্বর্তন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেখ ফিরোজ আহমেদ বলেন, ওই বিদ্যালয়ের ঝুকিপূর্ণ ভবনের কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সরকারি অনুদান ছাড়া এ সমস্যার সমাধান সম্ভব নয়।