আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

0
আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মোংলা ও খুলনায় নির্ধারিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি তিনি নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করবেন।। ফাইল ছবি: সংগৃহীত

আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এই তথ্য নিশ্চিত করে জানান যে, বৃহস্পতিবার সকাল ৯টায় ঢাকা থেকে হেলিকপ্টারযোগে প্রথমে মোংলায় পৌঁছাবেন প্রধানমন্ত্রী এবং সেখান থেকে সড়কপথে খুলনায় যাবেন।

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রীর মোংলায় দুটি এবং খুলনায় একটি নির্ধারিত কর্মসূচি রয়েছে। এর পাশাপাশি তিনি বাগেরহাট জেলা সদরে হযরত খান জাহান আলী (রহ.) মাজার জিয়ারত করবেন। মোংলার কর্মসূচি শেষ করে সড়কপথে তিনি খুলনায় এসে খুলনা স্টেডিয়ামে ‘নূতন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। দেশব্যাপী তৃণমূল পর্যায় থেকে প্রতিভা অন্বেষণের লক্ষ্যে ক্রীড়া মন্ত্রণালয় এই অনুষ্ঠানের আয়োজন করেছে।

প্রধানমন্ত্রীর এই আগমনকে কেন্দ্র করে খুলনাজুড়ে উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। পুরো শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে এবং জেলা স্টেডিয়ামসহ আশপাশের সড়কগুলো নতুন কুঁড়ি স্পোর্টসের রঙিন ব্যানার-ফেস্টুনে সাজানো হয়েছে।

এছাড়া শিববাড়ী মোড় থেকে রেলস্টেশনের প্রধান ফটক পর্যন্ত দেয়ালগুলোতে খুলনার ইতিহাস, ঐতিহ্য, জুলাইয়ের গণ-অভ্যুত্থানের স্মৃতি, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতিকৃতি, সুন্দরবন ও রয়েল বেঙ্গল টাইগার ফুটিয়ে তুলে নান্দনিক গ্রাফিতি আঁকা হয়েছে।

উল্লেখ্য, সরকারপ্রধানের আগমন উপলক্ষ্যে এবারই প্রথম যত্রযত্র তোরণ বা ফেস্টুন না লাগিয়ে ব্যতিক্রমী ও পরিচ্ছন্ন উদ্যোগ নেওয়া হয়েছে এবং পুরো মহানগরীতে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু জানান, প্রধানমন্ত্রীকে সাদরে অভ্যর্থনা জানাতে সম্পূর্ণ প্রস্তুত ও অপেক্ষায় রয়েছে নগরবাসী।

বিএসএস