কুষ্টিয়ায় নতুন ১৫ জনের করোনা শনাক্ত : মোট ১৫৩ জন

0

কুষ্টিয়া সংবাদদাতা॥ কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে সর্বোচ্চ ১৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এই নিয়ে গত বুধবার সকাল পর্যন্ত কুষ্টিয়ায় মোট ১৫৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। বুধবার (১০ জুন) সকালে কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এএইচএম আনায়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কুষ্টিয়া মেডিক‌্যাল কলেজ পিসিআর ল্যাব থেকে মঙ্গলবার পাওয়া কুষ্টিয়ার ২০০টি নমুনা পরীক্ষার রিপোর্টে ১৫টির কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়। নতুন শনাক্ত ১৫ জনের মধ্যে দৈনিক কালের কণ্ঠের কুষ্টিয়ার নিজস্ব প্রতিবেদক তারিকুল হক তারিক ও সদ্য যোগদানকৃত কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক সিরাজুল ইসলামও রয়েছে। আক্রান্ত ১৫ জনের মধ্যে কুষ্টিয়া সদর উপজেলার ৯ জন, খোকসা উপজেলার ২ জন, মিরপুর উপজেলার ২ জন এবং কুমারখালী উপজেলার ২ জন করোনা আক্রান্ত রোগী রয়েছে। জেলার সিভিল সার্জন সূত্রে আরও জানা যায়, জেলায় মোট আক্রান্তদের মধ‌্যে ইতোমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন মোট ৩১ জন, বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ১১৭ জন। এছাড়া, কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫ জন এবং খুলনায় পাঠানো হয়েছে ২ জনকে।