কুষ্টিয়ায় চোরাই মোটরসাইকেলসহ আটক ১

0

রিফাত রহমান, (চুয়াডাঙ্গা) ॥ চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা থেকে চুরি হওয়া মোটরসাইকেল ও ছিনতাই কাজে ব্যবহৃত সরঞ্জামসহ এক ছিনতাইকারীকে কুষ্টিয়ার ভেড়ামারা থেকে আটক করেছে পুলিশ। এ বিষয়ে রোববার চুয়াডাঙ্গার পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন তার কার্যালয়ে প্রেস ব্রিফিং করেন।
পুলিশ সুপার জানান, গত ২৫ ফেব্রুয়ারি উপজেলার দর্শনা থেকে জনৈক সাহিদ হোসেন তার অ্যাপাচি মোটরসাইকেলে বোনের বাড়ি চুয়াডাঙ্গা শহরে যাচ্ছিলেন। পথে রাতে ছিনতাইকারীরা গাছে দড়ি বেঁধে পথরোধ করে ধারালো অস্ত্রের আঘাতে তাকে আহত করে। তার হাত-পা বেঁধে ফেলে রেখে যায়। এসময় তার মোটরসাইকেল, মোবাইল ফোন ছিনতাই করে পালিয়ে যায় ছিনতাইকারীরা। এরপর ভুক্তভোগী সাহিদ হোসেন ২৭ ফেব্রুয়ারি চুয়াডাঙ্গা সদর থানায় এ ব্যাপারে অজ্ঞাত ৩ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
পরের দিন জীবননগর থানা এলাকা থেকে ২জন সন্দিগ্ধ ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এ সময় তাদের দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে ৪ মার্চ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় চুয়াডাঙ্গা থানা পুলিশ গোপন অভিযান চালায়। ওই সময় পাবনা জেলার চরকাতরা গুচ্ছ গ্রামের কিতাব সর্দারের ছেলে মহাসিন ওরফে মোবারক (২৫) কে তারা আটক করে। তার স্বীকারোক্তি অনুযায়ী তার হেফাজতে থাকা দুটি চোরাই মোটরসাইকেল, একটি মোবাইল ফোন, মোটরসাইকেলের তালা ভাঙা একটি মাস্টার চাবি জব্দ করা হয়।