কালীগঞ্জে সাব রেজিস্ট্রার নেই, জমি রেজিস্ট্রি বন্ধে ভোগান্তি

0

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ কালীগঞ্জে সাব রেজিস্ট্রার না থাকায় জমি রেজিস্ট্রি বন্ধ রয়েছে। ভোগান্তিতে পড়েছেন উপজেলার ১১ ইউনিয়নের সেবা প্রত্যাশীরা ।
জানা গেছে, চলতি বছরের জানুয়ারি মাসে রেজিস্ট্রার আকবর আলী পদোন্নতি পেয়ে অন্যত্র চলে যাওয়ার পর তার পদটি শূন্য রয়েছে। শূন্য থাকা পদে লোকবল নিয়োগ না হওয়ায় বন্ধ রয়েছে সব ধরনের রেজিস্ট্রি কার্যক্রম ।
সরজমিনে দেখা যায় , উপজেলার ২০০ জমির দলিল লেখক অলস সময় পার করছেন । এ সময় দলিল লেখক আক্তারুজ্জামান বলেন, ‘স্যার না থাকলে তো জমি রেজিস্ট্রি হবে না। গত এক মাস আমরা এভাবেই বসে সময় কাটাচ্ছি।’
জমি রেজিস্ট্রি করতে আসা সোহবান আলী জানান, ‘সপ্তাহে দুই দিন রেজিস্ট্রি হতো। এখন জমি রেজিস্ট্রি বন্ধ । আমি গত সপ্তাহ ঘুরেও রেজিস্ট্রি করতে পারলাম না।’
এ ব্যাপারে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম জানান, আশা করছি দ্রুত রেজিস্ট্রার নিয়োগ হয়ে সমস্যার সমাধান হয়ে যাবে ।