কালীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল আরোহীর মৃত্যু, আহত ২

0

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ কালীগঞ্জ উপজেলার মোবারকগঞ্জ চিনিকলের সামনে মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল আরোহী রহমত আলী (৫৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ সময় আহত হন মোটরসাইকেলের দুই আরোহী। বুধবার (২১ জুন) দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রহমত আলী উপজেলার মনোহরপুর গ্রামের বাসিন্দা। আহতরা হলেন, উপজেলার কলেজপাড়া এলাকার বরুণ কুমার ও মহাদেব সাহা।
কালীগঞ্জ থানার ওসি মাহাবুবুর রহমান জানান, দুপুরে বাইসাইকেলে নিজ বাড়ি মনোহরপুর থেকে কালীগঞ্জ শহরে যাচ্ছিলেন রহমত আলী। পথিমধ্যে মোবারকগঞ্জ চিনিকলের সামনে পৌঁছালে পেছন দিক থেকে কালীগঞ্জগামী একটি দ্রুতগতিতে আসা মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এ সময় রাস্তার ওপর পড়ে যান বাইসাইকেল ও মোটরসাইকেলে থাকা আরোহীরা। গুরুতর আহত রহমত আলীকে স্থানীয়রা উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।