কালিয়ায় চিকিৎসকের অবহেলায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ

0

নড়াইল অফিস ॥ নড়াইলের কালিয়ায় রনি বেগম (২২) নামে এক গৃহবধূ চিকিৎসকদের অবহেলায় মারা গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোররাতে তিনি মারা যান। রনি বেগম খুলনার তেরখাদা উপজেলার বলদধোনা গ্রামের শরিফুল ফকিরের স্ত্রী। পুলিশ ও মৃতার স্বজন সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল ৫টার দিকে খুলনার তেরখাদা উপজেলার বলদধোনা গ্রামের শরিফুল ফকিরের স্ত্রী রনি বেগম পেটে ব্যথা নিয়ে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। তার চিকিৎসায় ডাক্তারদের গাফিলতি থাকায় শনিবার ভোর রাতে তিনি মারা যান। মারা যাবার পর সংশ্লিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তাররা তাদের কাছ থেকে বিভিন্ন কাগজে স্বাক্ষর নেন বলে অভিযোগ রয়েছে। ডাক্তারের অবহেলার কারণে ওই নারীর মৃত্যুতে ঘটনার তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন স্বজনরা। এ ব্যাপারে কালিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.কাজল কুমার মল্লিক বলেন,গৃহবধূ রনি বেগমের মৃত্যুর কারণ ময়না তদন্তের রিপোর্ট পেলেই জানা যাবে। তবে চিকিৎসার ক্ষেত্রে ডাক্তারদের কোন গাফিলতি ছিল না। রোগীকে খুলনায় রেফার্ড করা হলেও তার অভিভাবকরা তাকে নেয়নি। কালিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইকরাম হোসেন জানান, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে এলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।