কাজের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে মন্ত্রিসভায় দপ্তর রদবদল বা নতুন নিয়োগ দিতে পারেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা

0
সচিবালয়ে ব্রিফিংকালে সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।। ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমান যদি মনে করেন মন্ত্রিসভার কোনো সদস্য কাঙ্ক্ষিত পারফর্ম করতে পারছেন না, তবে জনগণের কল্যাণের স্বার্থে তিনি দপ্তর পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে দায়িত্ব প্রদান করবেন।
আজ মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সরকারের সাম্প্রতিক নানা কর্মকাণ্ড ও মন্ত্রিসভার সম্ভাব্য রদবদল সংক্রান্ত প্রশ্নের জবাবে এসব তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।

উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠিত হয়। বর্তমানে প্রধানমন্ত্রী ছাড়াও সরকারে ২৪ জন পূর্ণমন্ত্রী ও ২৩ জন প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করছেন। এর পাশাপাশি মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় ১০ জন উপদেষ্টা রয়েছেন। রুলস অব বিজনেস অনুযায়ী, প্রধানমন্ত্রী নিজস্ব এখতিয়ারে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের কাজের দায়িত্ব বণ্টন করে থাকেন।

সংবাদ সম্মেলনে ১৮০ দিনের মধ্যে মন্ত্রিসভায় কোনো রদবদলের সম্ভাবনা আছে কি না—এমন প্রশ্নের স্পষ্ট জবাব দেন তথ্য উপদেষ্টা। জাহেদ উর রহমান বলেন, “প্রধানমন্ত্রী একটি মন্ত্রিসভা ও উপদেষ্টা পরিষদ তৈরি করেছেন। ওনার সাথে কথা বলে যা বুঝি, ওনার যদি কখনো মনে হয় কেউ ভালো পারফর্ম করতে পারছেন না—তাঁর জায়গায় দপ্তর পুনর্বণ্টন অথবা নতুন কাউকে দেওয়া, এগুলো প্রয়োজন হলে তিনি তা করবেন। কারণ দিন শেষে মূল লক্ষ্য জনগণের কল্যাণ সাধন করা। সিদ্ধান্ত আরও ভালো করার সুযোগ থাকলে প্রধানমন্ত্রী তা গ্রহণ করবেন। তবে এটি ১৮০ দিন পর হবে নাকি আরও কিছুটা সময় লাগবে, তা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।”

সংবাদ সম্মেলনে তথ্য উপদেষ্টা আরও জানান, সাইবার বুলিং ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত নানা অপতথ্য রোধে আইনি বিষয়াদি দেখভালের জন্য একটি সুনির্দিষ্ট আইনজীবী প্যানেল গঠনের কাজ চলছে। চলতি সপ্তাহের মধ্যেই এ বিষয়ে একটি আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি হতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

প্রেস ব্রিফিংকালে সরকারের সাম্প্রতিক নানা সাফল্য ও জনকল্যাণমুখী কাজের বিস্তারিত চিত্র সাংবাদিকদের সামনে তুলে ধরা হয়। এ সময় তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমেদসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।