সাবেক রাষ্ট্রপতি ও শেখ হাসিনার ফোনালাপের তথ্য সরকারের কাছে নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

0
সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।। ছবি: সংগৃহীত
সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন লন্ডনে চিকিৎসা নিতে গিয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন—এমন কোনো প্রমাণ বা তথ্য সরকারের কাছে নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
আজ রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

ইন্টারনেটের এই যুগে কারও সঙ্গে কথা বলতে লন্ডনে যাওয়ার প্রয়োজন হয় না উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো এক পত্রিকায় এই খবরটি তিনি দেখেছেন। তবে কী তথ্যপ্রমাণের ভিত্তিতে সংবাদপত্রটি এমন প্রতিবেদন প্রকাশ করেছে, তা সংশ্লিষ্টদের কাছেই জানতে চাওয়া উচিত। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।

সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের গ্রেপ্তারে বিরোধী দলের দাবি প্রসঙ্গে মন্ত্রী বলেন, গণ-অভ্যুত্থান-পরবর্তী রাজনৈতিক পরিবেশ ও গণতন্ত্রে যে কারও মতামত প্রকাশ ও প্রতিবাদ করার স্বাধীনতা রয়েছে।

তবে দায়িত্ব পালনকালে অন্তর্বর্তীকালীন ও বর্তমান রাজনৈতিক সরকারের সময়ে সংবিধান অনুসারে সাবেক রাষ্ট্রপতি রাষ্ট্রকে সহযোগিতা করেছেন। সংবিধান অনুযায়ী তিনি দায়মুক্তি (ইমিউনিটি) ভোগ করেন এবং তাঁর বিরুদ্ধে আদালতে ফৌজদারি মামলা করার সুযোগ নেই। তাই এ বিষয়ে মুখরোচক বক্তব্য দেওয়া হলেও আইনগতভাবে তা আমলে নেওয়ার কিছু নেই। তবে রাষ্ট্রপতি হওয়ার আগে তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগ থেকে থাকলে, তা প্রচলিত আইন অনুযায়ী পরিচালিত হবে।

সাবেক রাষ্ট্রপতি হিসেবে আইন অনুযায়ী মো. সাহাবুদ্দিন স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর) এবং পুলিশিসহ অন্যান্য সুরক্ষা সুবিধা ছয় মাসের জন্য পাবেন বলে মন্ত্রী জানান।

এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে সরকার জোরালো তৎপরতা চালাচ্ছে। যুক্তরাজ্যের রয়্যাল কোর্ট থেকে কিছু অতিরিক্ত তথ্য চাওয়া হয়েছে, যা শিগগিরই পাঠানো হবে।

এছাড়া মতিঝিলে মেট্রোরেল স্টেশনের নিচ থেকে বোমা উদ্ধারের ঘটনার সঙ্গে সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা বা উল্টোরথ উদ্যাপনের কোনো সম্পর্ক নেই বলে স্পষ্ট করেন তিনি।